নিজামীর মামলায় নতুন করে যুক্তি উপস্থাপন ১০ মার্চ

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন করে যুক্তি উপস্থাপনে ১০ মার্চ তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুানাল-১।
আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
৫৩ দিন পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান পদে সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে গত রোববার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। চেয়ারম্যান না থাকায় এই ৫৩ দিন ট্রাইব্যুনাল-১-এ বিচারিক কার্যক্রম চলেনি।
ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরের চাকরির বয়সসীমা পূর্ণ হওয়ায় তিনি গত বছরের ৩১ ডিসেম্বর অবসর নেন। সেই থেকে চেয়ারম্যানের পদটি শূন্য ছিল। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।
চেয়ারম্যান নিয়োগ হওয়ায় ট্রাইব্যুনাল-১-এ বিচারিক কার্যক্রমহীনতার অবসান হয়েছে। এই ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাটি ১০০ দিনেও বেশি সময় ধরে রায়ের অপেক্ষায় ছিল। মামলায় নতুন করে যুক্তি উপস্থাপনে ১০ মার্চ তারিখ ধার্য করে আজ আদেশ দিয়েছেন ট্রাইব্যুানাল-১।
এ ছাড়া জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহান ও সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো এই ট্রাইব্যুনালে বিচারাধীন।
বিচারপতি ইনায়েতুর রহিম ট্রাইব্যুনাল-১-এর তৃতীয় চেয়ারম্যান। ২০১০ সালের ২৫ মার্চ বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল যাত্রা শুরু করে। এক প্রবাসী আইন বিশেষজ্ঞের সঙ্গে কথিত স্কাইপে কথোপকথন ফাঁস হওয়ার পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১১ ডিসেম্বর বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেন।
২০১২ সালের ১৩ ডিসেম্বর চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়ার পর থেকে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন বিচারপতি এ টি এম ফজলে কবীর।
এ পর্যন্ত ট্রাইব্যুনাল-১ যে তিনটি রায় দিয়েছেন, সেগুলো হয়েছে তাঁর সময়ে। এর মধ্যে গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, ১৫ জুলাই দলটির সাবেক আমির গোলাম আযম ও ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলার রায় দেওয়া হয়। নিজামীর বিরুদ্ধে মামলার কার্যক্রম তাঁর সময়ে শেষ হলেও রায় ঘোষণার আগেই তিনি অবসরে যান।