নিজামীর মামলায় যুক্তি উপস্থাপনের সুযোগ পেল আসামিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আবারও যুক্তি উপস্থাপনের সুযোগ পেয়েছে আসামিপক্ষ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রোববার আসামিপক্ষের একটি পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।

১৩ নভেম্বর এ মামলার কার্যক্রম বন্ধ রেখে রায় অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। ওই দিন আদেশে বলা হয়, ১০, ১১, ১২ ও ১৩ নভেম্বর টানা চার দিন হরতালের কারণে আসামিপক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালে উপস্থিত হননি। নির্ধারিত দিনে যুক্তি উপস্থাপনে ব্যর্থ হওয়ায় মামলার কার্যক্রম বন্ধ করে রায় অপেক্ষমাণ রাখা হলো। ওই আদেশ পুনর্বিবেচনার শুনানিতে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, সুপ্রিম কোর্ট আপিল বিভাগে বিচারাধীন মামলায় হরতালের দিন আসামিপক্ষের অনুপস্থিতিতে শুনানি হয় না। তিনি যুক্তি উপস্থাপনের জন্য সময়ের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ এ আবেদনের বিরোধিতা করে।

পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, আজ রোববার ও কাল সোমবার আসামিপক্ষ আবার যুক্তি উপস্থাপন করতে পারবে। আজকের যুক্তি উপস্থাপন চলছে।