নিজামীর মুক্তি চেয়ে জামায়াতের বিবৃতি
দলের আমির মতিউর রহমান নিজামীকে অবিলম্বে মুক্তি এবং সুচিকিত্সা গ্রহণের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ আজ মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, মতিউর রহমান নিজামী কারাগারে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হূদরোগ, বাতের ব্যথ্যাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। অসুস্থ হয়ে পড়ার কারণে তাঁকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। তাঁর এখন বিশেষজ্ঞ চিকিত্সক দিয়ে মুক্ত পরিবেশে উন্নত চিকিত্সা প্রয়োজন। এ ধরনের চিকিত্সা কারারুদ্ধ অবস্থায় সম্ভব নয়। তাই তাঁকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিত্সার জন্য মুক্তি দেওয়া প্রয়োজন।
পৃথক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান দলের বাগেরহাট জেলা কার্যালয়ে পুলিশের হামলা ও গুলিবর্ষণ এবং বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তার করার প্রতিবাদ জানান।