নিজামীর মৃত্যু পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিউর রহমান নিজামী
মতিউর রহমান নিজামী

মানবতাবিরোধী অপরাধের মামলায় একাত্তরের গুপ্তঘাতক আলবদর বাহিনীর নেতা ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যু পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার নিজামীর ফাঁসির রায় বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর এই মৃত্যু পরোয়ানা জারি করা হয়।
গতকাল বিকেলে নিজামীর ফাঁসি বহালের পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে প্রকাশিত হয়। এরপর সন্ধ্যায় তা পৌঁছায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে। এরপর প্রক্রিয়া শেষে নিজামীর মৃত্যু পরোয়ানায় সই করেন ট্রাইব্যুনালের তিন বিচারক।
রাতে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম সাংবাদিকদের বলেন, রাত সোয়া নয়টার দিকে নিজামীর মৃত্যু পরোয়ানাসহ পূর্ণাঙ্গ রায় ঢাকা কেন্দ্রীয় কারাগার, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে পাঠানো হয়।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করার জন্য ১৫ দিন সময় পাবেন নিজামী। আজ বুধবার থেকে এই দিন গণনা শুরু হবে।
আপিল বিভাগের রায় ঘোষণার প্রায় আড়াই মাস পর গতকাল বিকেলে নিজামীর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ১৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এই রায় লিখেছেন আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা। এই রায়ের সঙ্গে একমত হয়ে সই করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর অ্যাটর্নি জেনারেল তাঁর নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, যদি ১৫ দিনের মধ্যে নিজামী রিভিউ আবেদন না করেন, তবে আইন অনুসারে দণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু করবে সরকার। আর যদি সময়মতো রিভিউ আবেদন করা হয়, তবে রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে। রিভিউ খারিজ হলে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া আবার শুরু হবে। সে ক্ষেত্রে সর্বশেষ সুযোগ হিসেবে আসামি রাষ্ট্রপতির কাছে অপরাধ স্বীকার করে প্রাণভিক্ষা চাইতে পারবেন। প্রাণভিক্ষার আবেদন না করলে কিংবা আবেদন করার পর নাকচ হয়ে গেলে ফাঁসি কার্যকর করা হবে।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসির আদেশ দিয়ে রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছিলেন, নিজামী যে ঘৃণ্য অপরাধ করেছেন, মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো সাজা তাঁর জন্য যথেষ্ট নয়। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে নিজামী আপিল করেন। গত ৬ জানুয়ারি ট্রাইব্যুনালের দেওয়া সর্বোচ্চ দণ্ড বহাল রাখেন আপিল বিভাগ।
এ মামলায় নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে ১৬টি অভিযোগ আনে, ট্রাইব্যুনালে তার মধ্যে আটটি প্রমাণিত হয়। এর মধ্যে পাবনার বাউসগাড়ী ও ডেমরা গ্রামে ৪৫০ জনকে নির্বিচারে হত্যা ও ধর্ষণ, করমজা গ্রামে ১০ জনকে হত্যা ও তিনজনকে ধর্ষণ, ধুলাউড়ি গ্রামে ৫২ জনকে হত্যা এবং বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনার দায়ে (২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগ) নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। আপিল বিভাগের রায়ে করমজা গ্রামে ১০ জনকে হত্যা ও তিনজনকে ধর্ষণের দায় (৪ নম্বর অভিযোগ) থেকে নিজামীকে খালাস দেওয়া হয়। বাকি তিন অভিযোগে তাঁর ফাঁসির দণ্ড বহাল রাখা হয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা এক মামলায় ২০১০ সালের ২৯ জুন নিজামীকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ২ আগস্ট তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১২ সালের ২৮ মে ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে ১৬টি অভিযোগ গঠন করে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু করেন। বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন বিগত চারদলীয় জোট সরকারের মন্ত্রী ছিলেন নিজামী।
বুদ্ধিজীবী হত্যার নকশাকার: নিজামীর বিরুদ্ধে মামলার রায়ে ট্রাইব্যুনাল বলেন, আলবদর বাহিনী একাত্তরে যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চালিয়েছিল, তার ওপর নিজামীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল। রাষ্ট্রপক্ষের দাখিল করা বিভিন্ন নথি ও মৌখিক সাক্ষ্য বিশ্লেষণ করে দেখা গেছে, একাত্তরের মে মাসে পাকিস্তানি সেনাবাহিনীর বাঙালি নিধনযজ্ঞে যোগ দেয় জমিয়তে তলাবা (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘ)। মুক্তিযোদ্ধাদের প্রতিহত করার জন্য ছাত্র সংঘ দুটি আধা সামরিক জঙ্গি বাহিনী গঠন করে—আলবদর ও আলশামস। এর মধ্যে আলবদরে যোগ দেয় জমিয়তে তলাবার বিপুলসংখ্যক সদস্য। এই সিদ্ধান্ত নিয়েছিলেন মতিউর রহমান নিজামী, তখন তিনি ছিলেন জমিয়তের নাজিম-এ-আলা (প্রধান)। ১৯৬৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত নিজামী ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সভাপতি, এরপর তিনি নিখিল পাকিস্তান ছাত্র সংঘের সভাপতি হন। ১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিজামী ছাত্র সংঘের প্রধান ছিলেন।