একাত্তরে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বহাল রাখার আরজি জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল সোমবার ফাঁসির আদেশের বিরুদ্ধে নিজামীর আপিলের ওপর রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনকালে অ্যাটর্নি জেনারেল এই আরজি জানান। গতকাল রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়। রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির। আসামিপক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান। সঙ্গে ছিলেন শিশির মনির।
আজ মঙ্গলবার আসামিপক্ষে যুক্তি খণ্ডনের দিন ধার্য রয়েছে। অ্যাটর্নি জেনারেল আশা প্রকাশ করে বলেছেন, আজ আসামিপক্ষের যুক্তি খণ্ডনের মধ্য দিয়ে নিজামীর বিরুদ্ধে মামলার কার্যক্রম শেষ হবে।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রসঙ্গে শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, নিজামী নিজ হাতে কোনো বুদ্ধিজীবীকে হত্যা করেছেন, তা প্রমাণের দরকার নেই। তাঁর পরিকল্পনা, প্ররোচনা, উসকানি ও সহযোগিতায় আলবদর বাহিনী বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর নিজামী আলবদরের নেতা ছিলেন।
শুনানি শেষে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজের হাতে কাউকে মেরেছেন এমন কথা কেউ কখনো বলেনি। কিন্তু তাঁর পরিকল্পনায় এক বিশাল জনগোষ্ঠীকে নিধনের চেষ্টা করা হয়েছে। একইভাবে আলবদর বাহিনীর পরিকল্পনা ছিল, যাঁরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কথা বলেন, তাঁদের নিধন করা। নিজামী যখন ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন, তখনই আলবদরের কার্যক্রম শুরু হয়েছে। আর এটাও আসামিপক্ষ স্বীকার করেছে যে জামায়াতে ইসলামীর কর্মীদের দিয়ে আলবদর গঠিত হয়েছিল।
ভারতের ইয়াকুব মেমনের উদাহরণ টেনে মাহবুবে আলম বলেন, ইয়াকুব মেমন নিজের হাতে কাউকে মারেননি বা বোমা ফাটাননি। কিন্তু যেহেতু মেমন ষড়যন্ত্র করেছেন, তাই তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ জন্য নিজামী যেকোনো বুদ্ধিজীবীকে নিজ হাতে হত্যা করেছেন, তা প্রমাণের কোনো দরকার নেই। তাঁর পরিকল্পনা, উসকানি, প্ররোচনা ও উৎসাহে আলবদর বাহিনী বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটিয়েছে।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, শুধু ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নয়, সারা দেশের মানুষ বুদ্ধিজীবী হত্যার ন্যায়বিচার চায়। আর এই জঘন্যতম হত্যাকাণ্ডের ন্যায়বিচার একভাবেই হতে পারে—আর তা হলো আসামির মৃত্যুদণ্ড দেওয়া। ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন, তা বহাল রাখা।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে গত বছরের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এর মধ্যে চারটি অভিযোগে তাঁকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়।
রায়ে ট্রাইব্যুনাল বলেন, নিজামী ছিলেন জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের সভাপতি। ছাত্রসংঘই পরে আলবদর বাহিনীতে পরিণত হয়, আর গুপ্তঘাতক আলবদর বাহিনীই মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তানি সেনাদের সঙ্গে মিলে বুদ্ধিজীবী নিধন চালায়। আলবদর বাহিনীর অপরাধ ও কৃতকর্মের দায়দায়িত্ব নেতা হিসেবে নিজামীর ওপর বর্তায়।
ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন নিজামী। গত ৯ সেপ্টেম্বর আপিলের শুনানি শুরু হয়। এরই ধারাবাহিকতায় ২ ডিসেম্বর আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করে। ওই দিন আসামিপক্ষ যুক্তি উপস্থাপনকালে নিজামীর সাজা কমানোর আরজি জানায়। এরপর গতকাল রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করল।