নিজামীর মৃত্যুদণ্ড বিষয়ে পাকিস্তান মন্তব্য করবে না
জামায়াতে ইসলামীর আমির ও যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডাদেশসহ বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে মন্তব্য করবে না পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম খান এ তথ্য জানিয়েছেন। খবর ইউএনবির।
তবে যুদ্ধাপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের কার্যক্রম বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর মন্তব্য ও প্রতিবেদন বিষয়ে লক্ষ্য রাখবে পাকিস্তান।
সম্প্রতি ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তাসনিম আসলাম খান এসব কথা বলেন। সাংবাদিকের প্রশ্নটি ছিল, যুদ্ধাপরাধী ও জামায়াতের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান প্রতিবাদ জানাবে কি না।
এমন মনোভাবের কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম খান বলেন, ‘আমরা বাংলাদেশের ঘটনাপ্রবাহ সম্পর্কে সচেতন আছি... আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করি না।’