মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের রায় ‘সাজানো এবং পরিকল্পিত’ বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। তিনি বলেন, রাজনৈতিক প্রতিশোধ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিচারব্যবস্থাকে অনৈতিকভাবে প্রভাবিত করেছে। গত শুক্রবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে টবি ক্যাডম্যান অবিলম্বে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সব রায় বাতিলের দাবি জানান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক মান নিশ্চিত করে আবার বিচার শুরুর আহ্বান জানান।
ক্যাডম্যান জানান, ট্রাইব্যুনালের রায় বাতিল এবং এর কার্যক্রম স্থগিত করতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে তিনি একটি আবেদন পাঠিয়েছেন। গত বুধবার মতিউর রহমান নিজামীর রায় ঘোষণার দিনই তিনি এ আবেদন পাঠান। জামায়াতে ইসলামীর আরেক নেতা মীর কাসেম আলীর রায় ঘোষণা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। আজ রোববার এ রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।
নিজামীর রায়ের ওপর পর্যবেক্ষণ তুলে ধরতে ক্যাডম্যান এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। জামায়াতে ইসলামী ইউরোপের সমন্বয়ক আবু বকর মোল্লা এবং লন্ডনভিত্তিক সংগঠন ‘সেইভ বাংলাদেশ’র চেয়ারম্যান নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, নজরুল ইসলাম জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর জামাতা।
এক প্রশ্নের জবাবে ক্যাডম্যান বলেন, বাংলাদেশের যুদ্ধাপরাধ সম্পর্কে তাঁকে সংবাদ সম্মেলন করতে হচ্ছে এ কারণে যে, তাঁকে বাংলাদেশে গিয়ে তাঁর মক্কেলের পক্ষে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।
ট্রাইব্যুনালের সমগ্র বিচার-প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ দাবি করে ক্যাডম্যান বলেন, ট্রাইব্যুনালে বিচারকদের নিয়োগ ও বদলি সরকারের ইচ্ছায় হয়েছে। ভয়ভীতি দেখিয়ে, অর্থ দিয়ে কিংবা জোরপূর্বক অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাক্ষী দাঁড় করানো হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধের জন্য সংগঠন হিসেবে জামায়াতের বিচার করা যাবে না। ক্যাডম্যান এর আগে আরও দুদফা ট্রাইব্যুনাল প্রসঙ্গে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছিলেন।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বুধবার আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ডাদেশ দেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল।