
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে শাহবাগ আন্দোলন নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে শাহবাগ আন্দোলন ছাড়াও যুদ্ধাপরাধী বিচার মঞ্চ ও ছাত্র মঞ্চ নামের দুটি সংগঠনও অংশ নেয়। মানববন্ধনে বলা হয়, নিজামী সুস্থ হলেও তাঁর বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হচ্ছে না।
নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় কয়েক মাস ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ অপেক্ষমাণ রয়েছে।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি শামছুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধী নিজামীর বিরুদ্ধে মামলার রায় অপেক্ষমাণ রয়েছে। অবিলম্বে এই রায় ঘোষণা করতে হবে। কারণ, তিনি এখন সুস্থ। প্রয়োজনে সংবিধান ও ফৌজদারি কার্যবিধি সংশোধন করে হলেও জামায়াত-শিবির এবং মৌলবাদীদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তিনি। ছাত্র আন্দোলনের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পেরেছি, নিজামী সম্পূর্ণ সুস্থ। তাই অবিলম্বে রায় ঘোষণা করা হোক।’
মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, জামায়াতের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। যুদ্ধাপরাধী বিচার মঞ্চের সভাপতি খালেদুর রহমানও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, নিজামীসহ কুখ্যাত রাজাকারদের কেন হাসপাতালে রাখা হয়েছে? যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে রায় দ্রুত কার্যকর করতে হবে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন অনলাইন অ্যাক্টিভিস্ট সংগঠন বোয়ানের সভাপতি অনিমেষ রহমান, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ছাত্র ঐক্য ফোরামের আহ্বায়ক সোহান সোবহান প্রমুখ।