নিজামীর রায় বারবার পেছাবে না: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরঞ্জিত সেনগুপ্ত
সুরঞ্জিত সেনগুপ্ত

অসুস্থার কারণে মতিউর রহমান নিজামীর রায় বারবার পেছাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ মঙ্গলবার সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’র এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত নিজামীর রায় পেছানোর যুক্তি দিয়ে বলেন, ‘দেশে প্রচলিত আইন অনুযায়ী সাজা ঘোষণার সময় অপরাধীকে আদালতে থাকতে হয়। সেই বিবেচনায় নিজামীর আইনজীবীর পক্ষ থেকে তাঁর অসুস্থতার বিষয়টি আদালত আমলে নিয়েছেন। তবে সামনে আর সুযোগ দেওয়া হবে না।’

সংলাপ নয়, যুদ্ধাপরাধীদের বাঁচানো খালেদা জিয়ার মূল উদ্দেশ্য দাবি করে সুরঞ্জিত বলেন, ‘বিএনপি যদি সংলাপ চায় তাহলে সংবিধানের ভেতর থেকেই সংলাপ করতে হবে। সংবিধানের বাইরে থেকে এ মুহূর্তে কোনো আলোচনা সম্ভব নয়।’

বিএনপির ঈদের পরে আন্দোলনের হুমকির বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আপনাদের ঈদ অনেক আসছে, গেছে। জনগণ আপনাদের আন্দোলন দেখছে। ব্যর্থ রাজনৈতিক দল দিয়ে সফল আন্দোলন হবে না। তাই ঈদের পরও বিএনপির এই আন্দোলনের হুমকি সফল হবে না।’

বিএনপিকে গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানিয়ে সুরঞ্জিত তাদের গণতন্ত্র ও দেশের পক্ষে কাজ করার পরামর্শ দেন।