নিজামীর রায়কে ঘিরে নোয়াখালী ও ফেনীতে নিরাপত্তা জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ফেনীতে গতকাল মঙ্গলবার রাত থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে। নোয়াখালীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আজ বুধবার ভোর থেকে বিজিবির টহল চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস মুঠোফোনে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজিবি মোতায়েনের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। বুধবার ভোর থেকে বিজিবি দায়িত্ব পালন করবে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক জানান, নিজামীর রায়কে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে, সে জন্য বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে ইতিমধ্যেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাবের টহলও জোরদার করা হয়েছে। পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
জামায়াতের নেতাসহ আটক ৪: ফেনীতে জামায়াতের দুই নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। দলীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত নয়টার দিকে শহরের পাঠনাবাড়ি রোড এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির এ এস এম নুর নবী ও দাগনভূঞা পৌর জামায়াতের আমির গাজী সালাহ উদ্দিন। তবে আটক অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।
জেলা জামায়াতের আমির এ কে এম নাজেম ওসমানি বলেন, পুলিশ বিনা কারণে তাঁদের চার নেতা-কর্মীকে আটক করেছে।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও তাঁদের নাম বলতে অস্বীকৃতি জানান।