নিজামীর রায়ের প্রতিবাদ পাকিস্তান জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল রেখে দেওয়া আপিল বিভাগের রায়ের প্রতিবাদ করেছে পাকিস্তানের জামায়াতে ইসলামী। ওই রায়ের প্রতিবাদে গতকাল শুক্রবার ইসলামাবাদে দলটি প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে। গতকাল পাকিস্তানের আজ টিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান জামায়াতের সেক্রেটারি জেনারেল লিয়াকত বালুচ প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন। প্রতিবাদকারীরা ‘আমরা নিজামীর ন্যায়বিচার চাই’ বলে স্লোগান দেন এবং এ ধরনের স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। লিয়াকত বালুচ সমাবেশে বলেন, নিজামীর ফাঁসির রায় ন্যায়বিচারকে হত্যা করার শামিল।
প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নাফিসা খাত্তাক ও মিয়ান আসলাম।