নিজামীর রিভিউ শুনানি আবার পিছিয়ে ৩ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা আবেদনের শুনানি আবার পিছিয়ে ৩ মে নির্ধারণ করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল রোববার রিভিউ আবেদন শুনানির এ দিন নির্ধারণ করে দেন। গতকাল আদালতে নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান রিভিউ আবেদনের শুনানি চার সপ্তাহ মুলতবির আরজি জানান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে আদালত ৩ মে পর্যন্ত শুনানি মুলতবি করেন। আদালত বলেন, এরপর আর শুনানি মুলতবি করা হবে না।
পরে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত সমস্যার কারণে তিনি শুনানির জন্য প্রস্তুতি নিতে পারেননি। এ জন্য শুনানি চার সপ্তাহ মুলতবির আরজি জানানো হয়। তবে আদালত এটাও বলে দিয়েছেন, আর কোনো সময় চাওয়া যাবে না।
২৯ মার্চ নিজামীর আইনজীবীরা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রায় পুনর্বিবেচনার আবেদন জমা দেন। এরপর বিষয়টি দ্রুত শুনানির জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। ৩০ মার্চ চেম্বার আদালত বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ওই আদেশ অনুসারে ৩ এপ্রিল বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চের কার্যতালিকায় আসে। এরপর দুই দফায় পিছিয়ে তা শুনানির জন্য ৩ মে নির্ধারিত হলো।
মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে গত ৬ জানুয়ারি রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রায় আড়াই মাস পর ১৫ মার্চ আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ওই দিন রাতেই পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। পরদিন কাশিমপুর কারাগারে নিজামীকে রায় জানানো হয়।