নিজামীর রিভিউয়ের পূর্ণাঙ্গ রায়ে বিচারপতিদের সই
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউয়ের পূর্ণাঙ্গ রায়ে সই করেছেন বিচারপতিরা।
আজ সোমবার সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, সংশ্লিষ্ট শাখা থেকে কিছুক্ষণের মধ্যে এই রায় প্রকাশিত হবে।
গত বৃহস্পতিবার মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মতিউর রহমান নিজামীর করা রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই রায়ের মধ্য দিয়ে নিজামীর বিরুদ্ধে এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।
কাশিমপুর কারাগারে থাকা নিজামী ওই দিন দুপুরে তাঁর কাছে থাকা একটি এক ব্যান্ডের রেডিওর মাধ্যমে মৃত্যুদণ্ড বহাল রাখার খবর শুনেছেন। এরপর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দেখা করেন।
পরে গতকাল রোববার রাতে মতিউর রহমান নিজামীকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।