নিজামীর সঙ্গে শেষ দেখা পরিবারের

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শেষ দেখা করেন পরিবারের ২১ জন সদস্য। গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে তিনটি মাইক্রোবাসে করে তাঁরা কারাগার এলাকায় আসেন।
নিজামীর স্বজনেদের মধ্যে দুজন আসেন হেঁটে। তাঁরা হলেন নিজামীর দুই ভাতিজি শানু আক্তার ও লুৎফা বেগম। দেখা করে তাঁরা আবার হেঁটে বেরিয়ে আসেন। তাঁরা বললেন, তাঁদের চাচা (নিজামী) ফাঁসি হওয়া নিয়ে মোটেই বিচলিত নন। বরং পরিবারের স্বজনদের শক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন। স্বজনদের জন্য তিনি দোয়া করেছেন। তাঁর জন্যও দোয়া করতে বলেছেন। এক প্রশ্নের জবাবে তাঁরা বলেন, কারাগারে ঢুকে নিজামীকে নামাজ পড়তে দেখেছিলেন। নামাজ শেষ করে তাঁদের সঙ্গে কথা বলেছেন। বাচ্চাদের আদর করেছেন।
সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসের মধ্য থেকে পরিবারের কয়েকজন সদস্য গণমাধ্যমের দিকে বিজয়সূচক চিহ্ন ‘ভি’ প্রদর্শন করেন।
ফাঁসিকে কেন্দ্র করে নিজামীর জন্মস্থান পাবনার সাঁথিয়াসহ জেলার বিভিন্ন এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাশকতার আশঙ্কায় পাবনা থেকে পুলিশ ১৬ জনকে আটক করেছে। পাবনার পুলিশ সুপার আলমগীর কবির বলেন, নাশকতা ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। কেউ কোনো নাশকতার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।