নিজামীর সর্বোচ্চ সাজা চাইল রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ সাজা চেয়েছে রাষ্ট্রপক্ষ। দ্বিতীয় দফায় যুক্তি উপস্থাপনের শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষ গতকাল বুধবার এই আরজি জানায়।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল রাষ্ট্রপক্ষ দ্বিতীয় দফায় যুক্তি উপস্থাপন শেষ করে। রাষ্ট্রপক্ষে যুক্তি দেন কৌঁসুলি মোহাম্মদ আলী ও তুরিন আফরোজ। এ সময় আসামির কাঠগড়ায় নিজামী উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।
গতকাল নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আইনগত বিষয়ে যুক্তি উপস্থাপনের শুরুতে তুরিন আফরোজ ট্রাইব্যুনালের কয়েকটি প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, সেলিম মনসুর খালিদের লেখা আলবদর বইটি প্রকাশিত হয়েছিল যে তলাবা প্রকাশন থেকে, সেটি পাকিস্তান জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী জমিয়তে তলাবার প্রকাশনা সংস্থা। একাত্তরে বাংলাদেশে একে ইসলামী ছাত্র সংঘ বলা হতো।
গত মঙ্গলবার যুক্তি দেওয়ার সময় সাক্ষ্য উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলীর কাছে ট্রাইব্যুনাল তলাবা প্রকাশন সম্পর্কে ধারণা চান।
গতকাল যুক্তি উপস্থাপনকালে তুরিন আফরোজ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের আইনে উসকানি একটি স্বতন্ত্র অপরাধ। প্ররোচিত করা, উৎসাহ জোগানো, চাপ প্রয়োগ বা হুমকি দেওয়া উসকানি হতে পারে। ১৮০১ সালে যুক্তরাজ্যের একটি মামলায় উসকানিকে স্বয়ংসম্পূর্ণ অপরাধ হিসেবে বিবেচনা করে বিচার করা হয়েছে। কথা বা কাজ, এমনকি গানের মাধ্যমেও উসকানি দেওয়া যায়।
নিজামীর বিরুদ্ধে ১১ থেকে ১৪ নম্বর অভিযোগ উল্লেখ করে রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি বলেন, একাত্তরে আসামি ধর্মকে ব্যবহার করে যুবকদের অপরাধ করতে উসকানি দিয়েছেন। মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মূলে ছিলেন নিজামী।
তুরিন আফরোজ যুক্তি দেন, একজন রাজনীতিকের নানা ধরনের রাজনৈতিক কৌশল থাকতে পারে। কিন্তু একাত্তরে নিজামী রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে বক্তৃতায় ধর্মকে ব্যবহার করতেন। তিনি ছিলেন নিখিল পাকিস্তান ছাত্র সংঘের সভাপতি। প্রভাবশালী নেতা হওয়ায় তিনি তাঁর বক্তৃতায় নৃশংস পাকিস্তানি সেনাদের প্রশংসা করেছেন এবং শ্রোতাদের জীবন বাজি রেখে দুষ্কৃতকারীদের (মুক্তিযোদ্ধা) প্রতিরোধ করার নির্দেশ দিয়েছেন।
নিপীড়ন ও গণহত্যার মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য তুলে ধরে তুরিন আফরোজ বলেন, যদি বেসামরিক জনগোষ্ঠীর ওপর আক্রমণ হয়, সেটা নিপীড়ন হতে হবে। নিপীড়নে হত্যাকাণ্ড ঘটতেও পারে, নাও পারে। চার ধরনের আক্রমণ নিপীড়ন হয়—রাজনৈতিক, জাতিগত, নৃগোষ্ঠীগত এবং ধর্মীয়। আর গণহত্যা হবে সুনির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ চালানো হলে, যে আক্রমণের উদ্দেশ্য থাকবে ওই গোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণরূপে ধ্বংস করা।
নিজামীর বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অভিযোগকে ‘গণহত্যা’ উল্লেখ করে এই কৌঁসুলি বলেন, বুদ্ধিজীবীরাও একটি গোষ্ঠী। তাঁদের একটি জাতির মধ্যে প্রাথমিক গোষ্ঠী হিসেবে আলাদা করা যায়। আর হিন্দুদের ওপর আক্রমণ পড়বে ধর্মীয় গোষ্ঠীর ওপর গণহত্যার মধ্যে। তিনি বলেন, পাকিস্তানের অখণ্ডতা তিনি (নিজামী) চাইতেই পারেন। তাই বলে ধর্মের নামে মিথ্যা উসকানি দিয়ে? জ্বালিয়ে-পুড়িয়ে মানুষ হত্যা করে?
যুক্তি উপস্থাপনের শেষ পর্যায়ে নিজামীর ঊর্ধ্বতন নেতৃত্বের দায় (সুপিরিয়র রেসপনসিবিলিটি) নিয়ে যুক্তি দেন তুরিন আফরোজ। তিনি বলেন, নিজামী ছিলেন মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের ‘রিং লিডার’। একাত্তরের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায় নিজামীর। এ জন্য তাঁর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রাপ্য।
নিজামীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগ রয়েছে। এর মধ্যে একটিতে তাঁকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্যও অভিযুক্ত করা হয়েছে।