
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের ‘রিং লিডার’ উল্লেখ করে তাঁর সর্বোচ্চ সাজা চেয়েছে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল বুধবার নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ এ দাবি জানান।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করেছে। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিনে গতকালও আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবীদের কেউ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না। তবে কারাগারে থাকা নিজামীকে আসামির কাঠগড়ায় হাজির করা হয়। আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।
যুক্তি উপস্থাপনকালে তুরিন আফরোজ বলেন, বিশ্বের বিভিন্ন দেশের আইনে উসকানি একটি অপরাধ। প্ররোচিত করা, উৎসাহ জোগানো, চাপ বা হুমকি দেওয়া উসকানির মতো অপরাধ, যার মধ্য দিয়ে আরেকটি অপরাধ সংঘটিত হয়। তিনি যুক্তরাজ্যের কয়েকটি মামলার উদাহরণ দেন, যেসব মামলায় উসকানিকে একটি স্বয়ংসম্পূর্ণ অপরাধ হিসেবে বিচার করা হয়েছে। তিনি বলেন, অপরাধ করার পরিকল্পনা ততক্ষণ শুধু এক ব্যক্তির মনের মধ্যে থাকতে পারে, যতক্ষণ না আরও কয়েকজনকে ওই অপরাধে যোগ দিতে উসকানি দেওয়া হয়। আর তখনই সত্যিকারের সামাজিক বিপদের আশঙ্কা থাকে। কথা বা কাজ—যেকোনোভাবে উসকানি দেওয়া যায়। ব্যক্তি বা গোষ্ঠী বা বড় সমাবেশে বক্তৃতার মাধ্যমে উসকানি দেওয়া যায়। আবার আইন ভাঙতে সাহায্য করে এমন যন্ত্র উৎপাদন এবং বণ্টন করা হলে সেটিও অপরাধ করতে উৎসাহ দেওয়ার মধ্যে পড়ে।
নিজামীর বিরুদ্ধে ১১ থেকে ১৪ নম্বর অভিযোগ উল্লেখ করে তুরিন আফরোজ বলেন, একাত্তরে আসামি ধর্মকে ব্যবহার করে যুবকদের অপরাধ করতে উসকানি দিয়েছেন। মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মূলে ছিলেন নিজামী। এ জন্য তাঁর সর্বোচ্চ সাজা প্রাপ্য। রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি যুক্তি দেখান, একজন পারে এবং এটাই স্বাভাবিক। কিন্তু একাত্তরে নিজামী তাঁর রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে বক্তৃতার সময় ধর্মকে ব্যবহার করতেন। তিনি ছিলেন পাকিস্তান ছাত্রসংঘের (তৎকালীন জামায়াতের ছাত্রসংগঠন) সভাপতি ও একজন অত্যন্ত প্রভাবশালী নেতা। তিনি তাঁর বক্তৃতায় নৃশংস পাকিস্তানি সেনাদের প্রশংসা করেছেন এবং শ্রোতাদের জীবন বাজি রেখে ‘দুষ্কৃতকারী’দের (মুক্তিযোদ্ধা) প্রতিরোধ করার নির্দেশ দিয়েছেন।
একাত্তরের ১ আগস্ট ছাত্রসংঘের নেতা সিরাজুল ইসলাম মাতলিবকে লেখা একটি চিঠি উদ্ধৃত করে তুরিন আফরোজ বলেন, ওই চিঠিতে নিজামীর নির্দেশ অনুসারে সিরাজুলকে আলবদর বাহিনীতে যোগ দিতে বলা হয়েছে। চিঠিতে এটাও লেখা হয়েছে, যে এই নির্দেশ অমান্য করবে, ছাত্রসংঘে তার সদস্যত্ব বাতিল করা হবে। এই চিঠি ছাত্রসংঘ ও সহযোগী বাহিনীগুলোর ওপর নিজামীর কার্যকর নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের প্রমাণ। আইনি বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ হলে রাষ্ট্রপক্ষের অপর কৌঁসুলি মোহাম্মদ আলী সমাপনী যুক্তি উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আজ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।