নিজামীর সাফাই সাক্ষীর সাক্ষ্য ২০ অক্টোবর

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার এ-সংক্রান্ত আদেশ দেন। আদেশে ট্রাইব্যুনাল বলেন, আসামিপক্ষকে একনাগাড়ে সাক্ষী হাজির করতে হবে। গত বৃহস্পতিবার আসামিপক্ষ নিজামীর পক্ষে সাফাই সাক্ষীর সংখ্যা ১০ হাজার ১১১ থেকে ২৫ জনে নামিয়ে ট্রাইব্যুনালে তাঁদের সাক্ষ্য দেওয়ার অনুমতি চায়। কিন্তু রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। পরে ট্রাইব্যুনাল গত রোববার আসামিপক্ষের সাক্ষী সংখ্যা চারজনে নির্দিষ্ট করে দেন।
গতকাল সোমবার এ মামলার তদন্ত কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষের ২৬তম সাক্ষী আবদুর রাজ্জাক খানকে জেরা শেষ করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। আইন অনুসারে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের সাফাই সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।