
দশ ট্রাক অস্ত্র মামলার আসামি জামায়াতের নেতা মতিউর রহমান নিজামীর পক্ষের সাফাই সাক্ষীদের কেউ গতকাল বুধবার ধার্য তারিখে আদালতে হাজির হননি। চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান আজ বৃহস্পতিবার পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, মতিউর রহমান নিজামীর আইনজীবী গত মঙ্গলবার সন্ধ্যায় পাঁচজন সাফাই সাক্ষীর তালিকা আদালতে জমা দেন। কিন্তু গতকাল শুনানিকালে কোনো সাক্ষীকে হাজির করতে পারেননি তাঁরা। এসব সাক্ষীর বিরুদ্ধে আসামিপক্ষ সমন জারির আবেদন করেন। আদালত তা নাকচ করে দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহাম্মদ বলেন, আজ বৃহস্পতিবার ফুল কোর্ট রেফারেন্স থাকায় এ মামলার শুনানি হবে না। আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করবেন এবং ওই তারিখে যুক্তিতর্ক শুনানি শুরু হবে। আদালত সূত্রে জানা গেছে, নিজামীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে যে পাঁচজনের তালিকা আদালতে দেওয়া হয়, তাঁরা হলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরার বাসিন্দা আবদুল গণি, আবদুর রহিম, বদরুল হক, নাছির উদ্দিন শাহ ও ইসমাঈল তালুকদার।
গতকাল আদালতে চট্টগ্রাম মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ বলেন, আসামি নিজামী ছিলেন ঢাকার মন্ত্রী। কিন্তু তাঁর সাক্ষীরা সব চট্টগ্রামের গহিরার, তাঁরা কীভাবে সাফাই সাক্ষ্য দেবেন? তিনি বলেন, যুক্তিতর্ক শুনানির জন্য রাষ্ট্রপক্ষ প্রস্তুত রয়েছে। যেহেতু গত মঙ্গলবার নিজামীর ৩৪২ ধারায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, এখন সাফাই সাক্ষীরা আসেননি, তাই যুক্তিতর্ক শুরু করা হোক।
শুনানির সময় নিজামীসহ এ মামলায় কারাগারে থাকা ১১ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে।