রায় ঘোষণার ঠিক আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী সুস্থ হয়ে উঠেছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে তাঁকে হাসপাতাল থেকে নিজের সেলে পাঠানো হয়েছে। নিজামীর শারীরিক অবস্থার উন্নতির খবর জানিয়ে গতকালই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বাস্থ্যসংক্রান্ত প্রতিবেদন পাঠিয়েছেন তাঁরা।
জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাহাবুবুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘কারা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা নিজামী সুস্থ হয়ে উঠেছেন। তিনি এখন ভালো আছেন। সকালে বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিজামীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন প্রস্তুত করলে তা ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে পাঠানো হয়। এরপর তাঁকে হাসপাতাল থেকে কারাগারের নির্ধারিত কক্ষে (সেল) পাঠানো হয়েছে।’
যোগাযোগ করা হলে নিজামীর স্বাস্থ্যসংক্রান্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী।
গত ২৪ জুন ট্রাইব্যুনাল-১-এ নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু ২৩ জুন গভীর রাতে ‘অস্বাভাবিক উচ্চ রক্তচাপের’ জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী নিজামী অসুস্থ হয়ে পড়েন। কারা চিকিত্সকেরা নিজামীকে নড়াচড়া না করানোর পরামর্শ দেন। সকাল পর্যন্ত তিনি ট্রাইব্যুনালে হাজির হওয়ার মতো সুস্থ না হওয়ায় কারা কর্তৃপক্ষ তা ট্রাইব্যুনালকে জানায়। আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা যুক্তিসংগত মনে না করায় রায় তৃতীয়বারের মতো অপেক্ষমাণ রাখা হয়। ২৬ জুন কারা কর্তৃপক্ষ একটি স্বাস্থ্য প্রতিবেদন ট্রাইব্যুনালে পাঠায়। এতে বলা হয়, নিজামীর অবস্থার উন্নতি হলেও স্থিতিশীল নয়। এরপর গতকাল দ্বিতীয় প্রতিবেদন পাঠানো হলো।
জামায়াতের শীর্ষ নেতা নিজামীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগ রয়েছে।