নিজামীর স্ত্রী যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন
মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর স্ত্রী শামসুন্নাহার নিজামী যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন। বাংলাদেশে তাঁর জীবন হুমকির সম্মুখীন, এমন আশঙ্কায় তিনি যুক্তরাজ্যে আশ্রয় চেয়ে আবেদন করেছেন বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার শামসুন্নাহার নিজামী এই আবেদন করেন বলে নিজামী পরিবারের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। গত বছরের আগস্ট থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন শামসুন্নাহার নিজামী।
নিজামীর ছয় সন্তানের মধ্যে ছোট মেয়ে খাদিজা তাহেরা এবং ছেলে নাজিম মোমেন পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করেন। তাঁদের সঙ্গেই লন্ডনে বসবাস করছেন শামসুন্নাহার নিজামী। তিনি আগেও বেশ কয়েকবার যুক্তরাজ্যে এসেছেন। তবে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া মীর কাসেম আলী এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে নিখোঁজ হওয়ার পর গত বছরের আগস্ট মাসে লন্ডনে চলে আসেন শামসুন্নাহার নিজামী।
সূত্র জানায়, শামসুন্নাহার নিজামী ভ্রমণ ভিসায় যুক্তরাজ্যে এসেছিলেন। ভিসার মেয়াদ শেষ হওয়ায় গত বৃহস্পতিবার আশ্রয় চেয়ে আবেদন করেন। এর আগে বছরের শুরুতে তিনি মালয়েশিয়া গিয়ে বড় মেয়ের সঙ্গে দেখা করে আসেন।
যোগাযোগ করা হলে লন্ডনে অবস্থানরত খাদিজা তাহেরার স্বামী নজরুল ইসলাম গত শুক্রবার প্রথম আলোকে বলেন, শামসুন্নাহার নিজামীর ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কোনো কথা বলবেন না।