নিজামীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন ট্রাইব্যুনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতিউর রহমান নিজামী
মতিউর রহমান নিজামী

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর স্বাস্থ্য পরীক্ষা-সংক্রান্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, নিজামীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়।
আজ বেলা তিনটার দিকে কারা কর্তৃৃপক্ষ ট্রাইব্যুনাল রেজিস্ট্রারের দপ্তরে প্রতিবেদনটি পাঠায়। রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু সোমবার রাত তিনটার দিকে ‘অস্বাভাবিক উচ্চ রক্তচাপের’ জন্য নিজামী অসুস্থ হয়ে পড়েন। পরদিন সকাল আটটা পর্যন্ত তিনি ট্রাইব্যুনালে হাজির হওয়ার মতো সুস্থ না হওয়ার বিষয়টি কারা কর্তৃপক্ষ ট্রাইব্যুনালকে জানিয়ে দেয়। আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা যুক্তিসংগত মনে না করায় ট্রাইব্যুনাল আবারও তা রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।