১০ ট্রাক অস্ত্র মামলায় চার আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার আপিল শুনানির জন্য গ্রহণ করেন।
দেশের ইতিহাসে আটক হওয়া অস্ত্রের সবচেয়ে বড় চালান এটি। ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে খালাসের সময় এসব অস্ত্র আটক করা হয়। এই মামলায় প্রায় ১০ বছর পর গত ৩০ জানুয়ারি নিম্ন আদালত রায় দেন। আদালত ৫২ আসামির মধ্যে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৪ জনকে ফাঁসির রায় দেন।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে নিজামী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তরের (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহিম ও উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেনের আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।
আদালতে নিজামীর পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও ইমরান এ সিদ্দিকী। ইমরান এ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, বিশেষ ক্ষমতা আইনে ও অস্ত্র আইনে নিজামীর বিরুদ্ধে রায় দেন নিম্ন আদালত। অস্ত্র আইনের মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং বিশেষ ক্ষমতা আইনে তাঁকে মৃত্যুদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। হাইকোর্ট দুই মামলায় করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। একই সঙ্গে জরিমানার আদেশ স্থগিত করেছেন।
অপর তিন আসামির আপিল শুনানির বিষয়টিও নিশ্চিত করেছেন তাঁদের আইনজীবী মো. আহসান।
অস্ত্র চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া অন্য আসামিরা হলেন ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া, সাবেক শিল্পসচিব নুরুল আমিন, এনএসআইয়ের পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিন আহাম্মদ ও মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার ও মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, চোরাকারবারি হাফিজুর রহমান, অস্ত্র খালাসের জন্য শ্রমিক সরবরাহকারী দ্বীন মোহাম্মদ ও অস্ত্র বহনকারী ট্রলারের মালিক হাজি আবদুস সোবহান।
এঁদের মধ্যে পরেশ বড়ুয়া ও নুরুল আমিন পলাতক। হাজি আবদুস সোবহান জামিনে ছিলেন। তবে গতকাল আদালতে হাজির ছিলেন। অস্ত্র চোরাচালান মামলায় ৩৮ জন খালাস পান।