একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ শীর্ষ চার নেতার বিরুদ্ধে আগামী ১ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল সোমবার এ আদেশ দেন। ট্রাইব্যুনাল জামায়াতের এই চার নেতার জামিনের আবেদনও খারিজ করেন। দলটির আটক অপর তিন নেতা হলেন সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা।এদিকে ট্রাইব্যুনাল একই অভিযোগে আটক বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে আগামী ৪ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন অথবা অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।গতকাল সকালে মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় হাজিরার জন্য নিজামীকে চট্টগ্রামে নেওয়ায় তাঁকে ট্রাইব্যুনালে আনা হয়নি।বেলা পৌনে ১১টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ট্রাইব্যুনালে সাকা চৌধুরীর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। তদন্তের জন্য তিনি সময় বাড়ানোর আরজি জানান। নিজামীসহ জামায়াতের চার নেতার বিরুদ্ধে তদন্তের সময় বাড়ানোর আরজি জানান রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (চিফ প্রসিকিউটর) গোলাম আরিফ টিপু। ট্রাইব্যুনাল ১ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ধার্য করেন।দুই পক্ষের আইনজীবীদের তর্ক: তদন্তের সময় বাড়ানোর জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের বিরোধিতা করে জামায়াতের নেতাদের আইনজীবী তাজুল ইসলাম বলেন, বারবার প্রসিকিউটররা তদন্তের সময় বাড়ানোর আবেদন করছেন। সেই সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে জামিনের বিরোধিতা করছেন। এ বক্তব্যে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। দুই পক্ষের আইনজীবীরা এ সময় তর্কে লিপ্ত হন। ট্রাইব্যুনাল সব আইনজীবীকে বসার নির্দেশ দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তাজুল ইসলাম তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।