নিজামীসহ জামায়াতের ৪ নেতার বিরুদ্ধে, তদন্ত প্রতিবেদন ১ আগস্ট দাখিলের নির্দেশ
মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ শীর্ষস্থানীয় চার নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ১ আগস্টের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন। আদেশে আরও বলা হয়, গত ১০ জুলাই জামায়াতের এ চার নেতার করা জামিনের আবেদনের শুনানিও ১ আগস্ট হবে। জামায়াতের শীর্ষস্থানীয় চার নেতার অপর তিনজন হলেন: সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা।জামায়াতের এই চার নেতার বিরুদ্ধে তদন্ত বা অগ্রগতি প্রতিবেদন দাখিল এবং তাঁদের ট্রাইব্যুনালে হাজির করার ধার্য দিন ছিল গতকাল। সকালে নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, মুজাহিদকে নারায়ণগঞ্জ কারাগার এবং কাদের মোল্লা ও কামারুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে আনা হয়।শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু তদন্তের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে ৭২ নম্বর পৃষ্ঠার প্রতি ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, তদন্ত শেষ করতে আরও সময় প্রয়োজন।এ সময় ট্রাইব্যুনাল বলেন, ২ আগস্ট এক বছর পূর্ণ হচ্ছে। বিধি অনুযায়ী এক বছরের মধ্যে তদন্ত শেষ করতে হবে। সংক্ষিপ্ত শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশ দেন।উল্লেখ্য, গত বছরের ২ আগস্ট জামায়াতের এই চার নেতাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়।জামায়াতের নেতাদের আইনজীবীদের সংবাদ সম্মেলন: এদিকে জামায়াতের আটক নেতাদের আইনজীবীরা দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তাঁরা সম্প্রতি ট্রাইব্যুনালের সংশোধিত কার্যপ্রণালি বিধিমালা নিয়ে অসন্তোষ জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুর রাজ্জাক বলেন, গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় প্রধানমন্ত্রী বলেছেন, ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রোম সংবিধির নীতিমালা অনুযায়ী বিচারকাজ পরিচালনা করবেন। কিন্তু ট্রাইব্যুনালের নিবন্ধক (রেজিস্ট্রার) সাংবাদিকদের বলেছেন, এটি একটি দেশীয় ট্রাইব্যুনাল, কথিত আন্তর্জাতিক মানদণ্ডের অজুহাত তুলে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই। তাহলে কি প্রধানমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর?আবদুর রাজ্জাক বলেন, সংবিধানের প্রথম সংশোধনী অনুসারে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর কোনো ধারা সাংবিধানিক অধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হলেও তার বৈধতা নিয়ে বিচারিক পুনর্বিবেচনার সুযোগ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তির নেই। তিনি সংবিধানের প্রথম সংশোধনী বাতিলের দাবি জানান। সংশোধিত বিধিমালার সমালোচনা করে তিনি বলেন, এ সংশোধনীতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আরও বেশি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবী তাজুল ইসলাম, মুন্সী আহসান কবির, ফরিদ উদ্দিন খান, তানভির আহমেদ আল-আমিন প্রমুখ।