ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ পাঁচজনকে আগামী ২৮ এপ্রিল হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত।গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন।২১ মার্চ বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব রেজাউল হক চাঁদপুরী এ মামলা করেন।মামলার অন্য আসামিরা হলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান ও ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রশিবিরের সভাপতি আ স ম ইয়াহিয়া।গতকাল মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে অধিকতর শুনানি ও আদেশের জন্য দিন ধার্য ছিল। বাদীপক্ষের আইনজীবী আদালতকে বলেন, গত ১৭ মার্চ সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ছাত্রশিবিরের এক আলোচনা সভায় রফিকুল ইসলাম খান মহানবী (সা.)-এর সঙ্গে জামায়াতে ইসলামীর আমির নিজামীকে তুলনা করেন; যা ইসলাম ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করেছে। তাই আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।