নিজেই ডাকলেন সভা হলেন আহ্বায়ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্যের কমিটি রয়েছে। রয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদকও। কিন্তু তাঁদের বাদ দিয়ে রোববার বর্ধিত সভা আহ্বান করেন কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী। একই সঙ্গে ওই সভায় তিনি নিজেকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ঘোষণা করে এক সদস্যের কমিটি গঠন করেছেন। এ ঘটনায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার বলেন, ‘দীর্ঘদিন ধরে বরুড়া উপজেলা আওয়ামী লীগের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বৈঠক করার কথা বললেও তাঁরা বৈঠক ডাকেন না। এ নিয়ে স্থানীয় সাংসদের সঙ্গে তাঁদের দূরত্ব সৃষ্টি হয়। ২০০৪ সালের জানুয়ারি মাসে ৬৭ সদস্যের কমিটির বেশ কিছু সদস্যই নিষ্ক্রিয়। দলকে ঢেলে সাজানোর জন্য আগের কমিটির ৪৫ জন সদস্যের মতামত নিয়ে সাংসদকে আহ্বায়ক করা হয়। পরে যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের নাম ঘোষণা করা হবে।’জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে গত রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা হয়। এতে বরুড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বাহাদুরুজ্জামান উপস্থিত ছিলেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মো. আবদুল হাকিম বলেন, ‘কমিটি বিলুপ্ত করার ক্ষমতা কারও নেই। আমার কমিটি চলবে। স্বঘোষিত আহ্বায়ক হয়ে সভা ডাকার এখতিয়ার সাংসদের নেই।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির অনুমতি নিয়ে সাধারণ সম্পাদক সভা ডাকবেন। জেলা কমিটির অনুমোদিত উপজেলা কমিটি ভেঙে দেওয়ার ক্ষমতা কারও নেই।’সাংসদ নাছিমুল আলম চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয়ভাবে কোনো কমিটি ভাঙার নির্দেশনা এ মুহূর্তে নেই। কিন্তু দলের এলোমেলো অবস্থার কারণে রাজনীতি করতে অসুবিধা হচ্ছে। তাই দলীয় সদস্যরা আমাকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বানিয়েছেন। জেলা আওয়ামী লীগের আহ্বায়কের সম্মতি নিয়েই আমি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হয়েছি।’কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হক বলেন, ‘আমি কমিটি গঠন কিংবা বর্ধিত সভা সম্পর্কে কিছুই জানি না।’ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আ হ ম মোস্তফা কামালের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।