নিজেই সংক্রামিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাগলের দল ঘুরে বেড়াচ্ছে। শিশুদের কেউ মার্বেল খেলছে, কেউ ক্রিকেট খেলছে বা আড্ডা দিচ্ছে। স্থায়ী কিছু দোকানও রয়েছে। দেখে মনে হতে পারে এটা কোনো পার্কের দৃশ্য। কিন্তু স্থানটি সংক্রামক ব্যাধি হাসপাতাল চত্বর। ভেতরে পুরোটাই আবর্জনায় ভরপুর। ভবনঘেরা নালা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।

রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় জলাতঙ্ক প্রতিরোধ ও নিয়ন্ত্রণকেন্দ্র এবং সংক্রামক ব্যাধি হাসপাতাল। স্থানীয়ভাবে ‘সাততলা মেডিকেল’ নামে পরিচিত। এটি একটি জাতীয় প্রতিষ্ঠান। কিন্তু এখানে যেতে হলে দুর্গম পথ পাড়ি দিতে হয়। 

গত বছরের আগস্ট মাসে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয় হাসপাতালের নোংরা পরিবেশ নিয়ে। এরপর গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, এক বছরে অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। ১০০ শয্যার এ হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিন প্রায় ৬০০ রোগী আসে। বেশির ভাগই কুকুর-বিড়ালে আক্রান্ত রোগী। অন্তর্বিভাগে গড়ে ৩০ জন ভর্তি থাকে।

হাসপাতালে প্রবেশ করতেই চোখে পড়ে ছাগল, কুকুর ঘুরে বেড়াচ্ছে। ভবনের পাশেই ক্রিকেট খেলা চলছে। বল গিয়ে পড়েছে হাসপাতালের দোতলার ছাদে। ভবন বেয়ে কয়েকজন বল নামাতে ছাদে উঠেছে। রাব্বি মোল্লা (৮) তার সমবয়সীদের সঙ্গে ছোটাছুটি করছিল। পাশের বস্তিতেই থাকে। হাসপাতাল চত্বরে খেলাধুলা করা নিয়ে জিজ্ঞেস করলে বলে, ‘কই খেলমু? এইহানেই খেলি। কে কী কইবো!’

ভবন ঘিরে একটি নালা রয়েছে। নোংরা পানি, তাতে ফেনা জমে গেছে। স্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ময়লাও ভাসছে। পাশ দিয়ে গেলে নাক ধরে যেতে হয়। পুরো হাসপাতাল চত্বরটিই আবর্জনায় ভরপুর।

হাসপাতাল ভবনে প্রবেশ করতে কোনো নিরাপত্তারক্ষী দেখা যায়নি। জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা আঞ্জুমান আরা বলেন, হাসপাতালে অনেক কিছুই নেই।

শাহনাজ আক্তার মেয়েকে নিয়ে যাত্রাবাড়ী থেকে এসেছেন। কুকুরে আঁচড় দিয়েছে। ইনজেকশন দিতে হবে। তিনি বলেন, ‘আঁচড়ের জায়গা ১৫ মিনিট ধরে ধুইছি। কিন্তু ধোয়ার জায়গাটা অনেক নোংরা। বাথরুমও পরিষ্কার না।’ নিচতলায় ক্ষতস্থান ধোয়ার জায়গা এবং টয়লেট দুটোই স্যাঁতসেঁতে ও কাদাময় হয়ে আছে। দোতলায় ওঠার সিঁড়ির কাছে মোটরসাইকেল ও গাড়ি রাখা।

হাসপাতালে কোনো পরিচালক নেই। সিনিয়র কনসালট্যান্ট আঞ্জুমান আরা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন। তবে তিনি গাইনি বিশেষজ্ঞ। এ ব্যাপারে তিনি বলেন, ‘গাইনি পদ পাওয়া যায়নি বলে এখানে দেওয়া হয়েছে। পরিচালক পদ সৃষ্টির জন্য আবেদন করেছি।’

হাসপাতালের পরিবেশ নিয়ে তিনি বলেন, নালার মুখ বস্তির ভেতরে, মাঝে মাঝে বস্তির লোকজন সেটা বন্ধ করে রাখে। টয়লেট নিয়মিত পরিষ্কার করা হয়, তবে হাসপাতালে অনেক লোকজন আসে, তাই একটু নোংরা হয়।

হাসপাতালে মানুষ ও প্রাণীর অবাধ বিচরণ সম্পর্কে বলেন, ‘এখন কী দেখছেন, বিকেলে আসলে আরও জমজমাট অবস্থা দেখতে পাবেন।’ জানালেন, পদক্ষেপ নিয়ে লাভ হয়নি এবং আশপাশের লোকজন ময়লা ফেলে।