সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে সর্বাত্মক সমর্থনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এ লড়াইতে শেখ হাসিনার নিজেকে একা ভাবার কারণ নেই। কারণ পুরো ভারতের সমর্থন তাঁর সঙ্গে রয়েছে।
আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে শেখ হাসিনাকে এই আশ্বাস দেন নরেন্দ্র মোদি।
দুই দেশের প্রধানমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল ও পেট্রাপোল সমন্বিত চেকপোস্টের উদ্বোধন করেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নয়াদিল্লিতে তাঁর কার্যালয় থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কনফারেন্সে অংশ নেন। এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এতে যোগ দেন কলকাতায় তাঁর কার্যালয় থেকে।
ভিডিও কনফারেন্সের শুরুতে শেখ হাসিনা কথা বলেন। এরপর কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদি।
ভারতের প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতা শুরু করেন বাংলায়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাইবোনদের নমস্কার জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘আজ থেকে আমাদের দুই দেশের মধ্যে আদান-প্রদান আরও সহজ হবে। আমরা আরও কাছাকাছি এলাম। এই শুভ অবসরে সবাইকে জানাই অভিনন্দন।’
এ কথা বলার পরই মোদি রমজান ও ঈদের সময় বাংলাদেশে ভয়ংকর সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টানেন। তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে ঢাকা ও কিশোরগঞ্জে দুটি সন্ত্রাসী ঘটনা আমাকে ও আমার দেশের জনগণকে অত্যন্ত ব্যথিত করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে আপনি নিজেকে একা ভাববেন না। আপনার সঙ্গে রয়েছে পুরো ভারতের সমর্থন।’
বাসস জানায়, সন্ত্রাসবাদ দমনকে মোদি কঠিন পরীক্ষা হিসেবে অভিহিত করেন। মোদি বলেন, ‘এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব যেভাবে ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেছে, তার জন্য আমি অন্তরের অন্তস্তল থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এ রকম সময়ে আপনার বলিষ্ঠ নেতৃত্ব সমগ্র বিশ্বের জন্যই এক মহান দৃষ্টান্ত।’
ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘুদের ওপর হামলা নিয়েও মোদি উদ্বেগ জানান। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘মন্দির ও এর পুরোহিতের মতো বেসামরিক লোকজন অমানবিক হামলার শিকার হওয়াটা দুঃখজনক ঘটনা।’
শেখ হাসিনার উদ্দেশে মোদি বলেন, ‘আমাদের দুই দেশের সামনে চ্যালেঞ্জই শুধু এক ধরনের নয়, দুই দেশের উন্নয়নের পথও অভিন্ন। আমি সব সময় এটা বলে এসেছি যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের বিকাশ অবিচ্ছেদ্য। ভারত ও বাংলাদেশ শুধু অগ্রগতির রাস্তারই শরিক নয়, দুই দেশই একসঙ্গে এই পথের পথিক। এ কারণেই আজ বেনাপোল-পেট্রাপোল সীমান্তের এই অনুষ্ঠান দুই দেশের কাছে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। এই সীমান্ত দিয়েই দ্বিপক্ষীয় বাণিজ্যের ৫০ শতাংশ হয়ে থাকে। বছরে ১৫ লাখ মানুষ ও দেড় লাখ ট্রাক এখান দিয়ে চলাচল করে। পুরো দক্ষিণ এশিয়ায় এটা সবচেয়ে বড় স্থলবন্দর।’
মোদি বলেন, আগামী দিনে দুই দেশের মধ্যে এ ধরনের আরও আটটি সমন্বিত চেকপোস্ট তৈরি করা হবে। এই ভিডিও কনফারেন্সে দুই দেশের সম্পর্কের উন্নয়নে ভূমিকা রাখায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন নরেন্দ্র মোদি।
বাসস জানায়, আজ বিকেলে দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে একসঙ্গে সুইচ চেপে ফলক উন্মোচনের মাধ্যমে এ দুটি সমন্বিত চেকপোস্টের উদ্বোধন করেন।
মোদির আগে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় শেখ হাসিনা বলেন, ‘দুই দেশের অর্থনীতি আরও মজবুত ভিত্তি পাবে। কারণ, এ দুই দেশের সম্পর্ক মানুষে-মানুষে। এটি সেই ১৯৭১ সাল থেকেই। আজ ভারত ও বাংলাদেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিন। পারস্পরিক আদান-প্রদানের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আন্তদেশীয় বাণিজ্য আমাদের দেশীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে আন্তদেশীয় বাণিজ্যের গুরুত্ব অপরিসীম। তাই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে টেকসই ও মজবুত করার লক্ষ্যে দুই দেশের সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। আমাদের মধ্যে সড়কপথ, বাস সার্ভিস, রেলপথ চালু হয়েছে এবং নৌপথও চালু আছে। কাজেই এভাবে আমরা দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছি।’
শেখ হাসিনা বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, সে কথা সব সময় আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। ভারত সরকার ও জনগণের এই অবদানের কথা আমরা কখনো ভুলব না।’
শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক সব সময় সুন্দর থাকবে, সৌহার্দ্যপূর্ণ থাকবে এবং যেকোনো সমস্যা হলেই আমরা দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করতে পারব, যা অতীতেও আমরা করেছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমরা একেবারে কাছের দুটি প্রতিবেশী দেশ। কাজেই আমাদের ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক যে সহযোগিতা আছে, তা অব্যাহত থাকবে।’
জঙ্গিবাদ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘যারাই মনে মনে যত স্বপ্ন দেখুক, জঙ্গিবাদী অপকর্ম করে আমাদের উন্নয়নের গতিকে স্তব্ধ করে দেবে, ইনশা আল্লাহ তা পারবে না। কারণ, জনগণের শক্তিই সব থেকে বড় শক্তি। কাজেই জনগণ যখন সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জেগে উঠেছে, ঐক্যবদ্ধ হয়েছে তখন নিশ্চয়ই আমার দৃঢ় বিশ্বাস, এই ধরনের অশুভ শক্তির কবল থেকে আমরা দেশ ও জাতিকে রক্ষা করতে পারব।’
ভিডিও কনফারেন্সের সময় গণভবনে শেখ হাসিনার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ এবং ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন। আর দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।