
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা ও লেখক সাবিরুল ইসলাম বলেছেন, সংকীর্ণ দলীয় রাজনীতির কারণে বাংলাদেশে গণতন্ত্র বারবার বিপর্যস্ত হয়েছে। অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও খুঁড়িয়ে খুঁড়িয়ে দেশ চলছে। এ অবস্থা থেকে উত্তরণে কেবল তরুণেরাই পারে পৃথক সত্তা নিয়ে জেগে উঠতে। সঠিক ও ইতিবাচক কাজের মাধ্যমে সমাজ ও দেশকে বদলে দিতে পারে তারা।
গতকাল রোববার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে দেওয়া বক্তৃতায় সাবিরুল এসব কথা বলেন।
প্রায় সোয়া এক ঘণ্টার বক্তৃতায় সাবিরুল বলেন, জীবনে সফল হতে হলে আগে নিজেকে চিনতে হবে। নিজেকে সঠিকভাবে জানতে পারলেই সাফল্যের পথে এড়িয়ে চলা সম্ভব হবে। তিনি বলেন, সিলেট, বাংলাদেশ, যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র জন্ম যে দেশেই হোক না কেন, কর্মই পারে বিশ্বজোড়া সফলতা ও পরিচিতি এনে দিতে পারে।
সাবিরুলের এই একক বক্তৃতার যৌথ আয়োজক ছিল বিপণন-প্রতিষ্ঠান মার্কেটিং ইনসাইডস, সিলেট সিটি করপোরেশন ও রোটারি ক্লাব অব ঢাকা রেডিয়েট।
‘ইনস্পায়ার ওয়ান মিলিয়ন’ কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী সাবিরুলের এই বক্তৃতার সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস)।
দুই পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি ফখরুদ্দিন আলী আহমদ ও সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন সেলিম।
নিজের জীবনের গল্প দিয়ে বক্তৃতা শুরু করেন সাবিরুল। তরুণদের উদ্দেশে তিনি বলেন, নিজের ওপর আত্মবিশ্বাস হারালে চলবে না। যে কাজ করলে ভালো লাগে, সুখী হওয়া যায়, সেটাই মনপ্রাণ দিয়ে করা উচিত। লক্ষ্যে অবিচল না থাকলে সফলতার প্রান্তে কখনোই পৌঁছানো সম্ভব নয়।
সাবিরুল বলেন, অনেক সময় অভিভাবকেরা তাঁদের সন্তানদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেন। সন্তানকে চিকিৎসক, প্রকৌশলী বানাতে গিয়ে অনেক সিদ্ধান্ত জোরপূর্বক চাপিয়ে দেন। তরুণেরা নিজের ইচ্ছায় পেশা বাছাই করবে অভিভাবকদের এমন পরিবেশ তৈরি করে দেওয়া দরকার।
সাবিরুল আরও বলেন, চালচলনে-আচরণে ব্যক্তিত্ব প্রতিষ্ঠা জরুরি। নিজের জাত নিজেকেই চেনাতে হব। এ জন্য লক্ষ্য ঠিক রেখে নিজের কাজটুকু সুষ্ঠুভাবে করে যেতে হবে। তিনি বলেন, ভাগ্য জীবন গড়ে দেয় না, কাজের মাধ্যমে ভাগ্য গড়ে নিতে হয়।
‘তারুণ্যের ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার: কাজীটোলা এলাকার একটি মিলনায়তনে গতকাল সন্ধ্যায় রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে ‘তারুণ্যের ক্যারিয়ার’ শীর্ষক এক সেমিনারেও বক্তৃতা দেন সাবিরুল। অনুষ্ঠানে সিলেটের পাঁচটি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি কলেজের চার শতাধিক শিক্ষার্থীসহ নগরের বিশিষ্টজনেরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে রোটারিয়ান সুফি মো. মিজানুর রহমানকে সম্মাননা জানানো হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব জালালাবাদের সভাপতি সৈয়দ জিয়াউস সামস।
বক্তৃতা করেন মো. আবদুল লতিফ, এম এ আওয়াল, মঞ্জুরুল হক চৌধুরী, এ বি এম ওয়াদুদ উল্লাহ, শফিক আহমদ বখত, নীরেশ চন্দ্র দাশ প্রমুখ।