নিজেকে নিজের ভোটটিও দেননি প্রার্থী!
চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পাঁচ নম্বর রায়কালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ছিলেন হারেজ মণ্ডল। কিন্তু ভোট শেষে দেখা গেল তিনি একটি ভোটও পাননি। এমনকি প্রার্থী নিজেও তাঁকে ভোট দেননি।
গত শনিবার উপজেলার পাঁচটি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। রায়কালী ইউপির ২ নম্বর ওয়ার্ডে পাঁচজন সদস্য প্রার্থী ছিলেন। তাঁরা হলেন মো. খোরশেদ আলম দুলাল (বৈদ্যুতিক পাখা), মো. ফজলুর রহমান (ফুটবল), মো. মোতালেব হোসেন (মোরগ), মো. রেজাউল ইসলাম (তালা), মো. হারেজ মণ্ডল (টিউবওয়েল)।
রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক আজ মঙ্গলবার প্রথম আলোকে জানান, রায়কালী ইউপির ২ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী মো. হারেজ মণ্ডল (টিউবওয়েল) একটি ভোটও পাননি। এমনকি তিনি নিজের ভোটটিও পাননি। মো. খোরশেদ আলম দুলাল (বৈদ্যুতিক পাখা) ওই ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছেন।
ওই ওয়ার্ডের ৮ থেকে ১০ জন বাসিন্দা বলেন, হারেজ মণ্ডল তাঁদের ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ওয়ার্ডের উন্নয়নে তেমন ভূমিকা রাখেননি। ইউপি সদস্য হয়ে তিনি প্রায় ঢাকায় অবস্থান করতেন। এ কারণে ওয়ার্ডের লোকজন তাঁর ওপর নাখোশ ছিলেন। এবার ইউপি নির্বাচনে ওয়ার্ডে কোনো ব্যক্তিই তাঁকে ভোট দেননি।
মো. হারেজ মণ্ডল আজ মঙ্গলবার প্রথম আলোকে জানান, তিনি নির্বাচনে তাঁর ওয়ার্ডের প্রার্থী হয়েছিলেন ঠিকই, কিন্তু নির্বাচনে মাঠে ছিলেন না। বলেন, ‘আমার ভোটটি রেজাউল করিমের (তালা) প্রতীকে দিয়েছি। একটিও ভোট পাব এমনটা ভাবিনি।’