নিজেকে নির্দোষ দাবি করলেন নূর হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূর হোসেন
নূর হোসেন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ওই খুনের ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন। তদন্তকারী-দের জেরার মুখে নূর হোসেন এই দাবি করেন বলে গতকাল মঙ্গলবার কলকাতার বিধাননগর পুলিশ কমিশনারেটের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের (এটিএস) প্রধান ও সহকারী পুলিশ কমিশনার অনীশ সরকার সাংবাদিকদের এ কথা জানান।
এদিকে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি এক হাবিলদারসহ র‌্যাবের চার সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে। প্রয়োজন হলে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে তদন্ত দল কলকাতায় যাবে৷ তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা গতকাল এ কথা বলেন৷
দুই সঙ্গীসহ নূর হোসেনকে গত শনিবার রাতে কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে কৈখালির ইন্দ্রপ্রস্থ আবাসন থেকে গ্রেপ্তার করে এটিএস এবং বাগুইহাটি থানার পুলিশ। গ্রেপ্তারকৃতদের রোববার উত্তর চব্বিশ পরগনার বারাসাতের বিচার বিভাগীয় হাকিমের আদালতে তোলা হলে তাঁদের আট দিনের পুলিিশ রিমান্ড দেওয়া হয়। এরপর গত সোমবার থেকে এটিএস নূর হোসেনসহ সঙ্গীদের বাগুইহাটি থানা থেকে বিধাননগর উত্তর থানায় নিয়ে জেরা শুরু করে। জেরার সময় নূর হোসেন নিজেকে খুনের মামলায় জড়িত নন বলে দাবি করেন। প্রাণ বাঁচাতে তাঁকে সীমান্ত পার হতে হয়েছে বলে তিনি জানান। তিনি বলেছেন, ‘আমি চক্রান্তের শিকার।’
এটিএসের কর্মকর্তা অনীশ সরকার আরও বলেন, ‘অনুপ্রবেশ নিয়ে যথারীতি জেরা করা হচ্ছে। কলকাতায় কাদের সহযোগিতায় তাঁরা ইন্দ্রপ্রস্থ আবাসনে আস্তানা গেড়েছেন এবং কাদের সঙ্গে যোগাযোগ করেছেন নিয়মিত সে বিষয়েও আমরা তদন্ত করছি।’ তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি। কোনো আইনজীবী অথবা কোনো আত্মীয়স্বজন গ্রেপ্তারকৃতদের সঙ্গে যোগাযোগ করেননি।
গ্রেপ্তার-সম্পর্কিত যাবতীয় তথ্য ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (সিবিআই) পাঠানো হয়েছে। যেহেতু ভারতের ইন্টারপোলের কাজ করে সিবিআই। নূর হোসেনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি ছিল।
এদিকে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার বা ভারতের কোনো সংস্থা থেকে এই গ্রেপ্তার নিয়ে কিছুই জানানো হয়নি তাঁদের।
র‌্যাবের চার সদস্যকে জিজ্ঞাসাবাদ: এদিকে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি এক হাবিলদারসহ র‌্যাবের চার সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে। গতকাল নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউসে এ জিজ্ঞাসাবাদ করা হয়৷ বেলা তিনটা থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার নেতৃত্বে সাত সদস্যের তদন্ত কমিটি র৵াব সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে। সন্ধ্যা সাতটার দিকে জিজ্ঞাসাবাদ শেষ হয়।
প্রয়োজনে কলকাতা যাবে তদন্ত দল: সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা বলেন, প্রয়োজন হলে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করতে তদন্ত দল কলকাতায় যাবে। তিনি বলেন, নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের আলোচনা চলছে। দেশে ফিরিয়ে আনা হলে দেশেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। গতকাল নারায়ণগঞ্জ সার্কিট হাউসে র‌্যাবের চার সদস্যকে জিজ্ঞাসাবাদ শেষে তিনি এসব কথা বলেন।