নিজেকে নির্দোষ দাবি করলেন সাংসদ বদি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করেছেন কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদি। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ তিনি দুদকের এ মামলায় নিজেকে সৎ ব্যবসায়ী দাবি করেন।
আসামির আত্মপক্ষ সমর্থনের পর বিচারক আবু আহমেদ জমাদার আগামী ২০ জুলাই যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি কবির হোসাইন প্রথম আলোকে বলেন, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ বদি নিজেকে সৎ ব্যবসায়ী হিসেবে নির্দোষ দাবি করেছেন। আসামিপক্ষ কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করবেন না জানানোর পর আদালত যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন।
২০০৮ সালে আবদুর রহমানের সম্পদের পরিমাণ ছিল ৪৯ লাখ ৭৯ হাজার টাকার। ২০১৩ সালে তিনি যে আয়কর বিবরণী দাখিল করেন, তাতে দেখা যায়, তাঁর সম্পদের পরিমাণ ১৬ কোটি ৬ লাখ ৯৬ হাজার টাকার। দুদক গত বছরের ২৩ ফেব্রুয়ারি সম্পদের বিবরণী চেয়ে তাঁকে নোটিশ দেয়। গত বছরের ২০ মার্চ ৫ কোটি ২০ লাখ ১৪ হাজার ৫৮৩ টাকার সম্পদের বিবরণী দাখিল করেন তিনি। ১০ কোটি ৮৬ লাখ টাকার তথ্য গোপন করার অভিযোগে দুদক ২০১৪ সালের ২১ আগস্ট এ মামলা করে। গত বছরের ৭ মে অভিযোগপত্র দেয় দুদক।