নিজেকে নির্দোষ দাবি করলেন এক আসামি
কুকুর লেলিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে করা মামলার যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত আছে। গতকাল রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালতে এক আসামির আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে আদালত আগামী বুধবার মামলার পরবর্তী দিন ধার্য করেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আসামি শাহ সেলিমের আইনজীবী আদালতকে জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিমাদ্রী ঘটনার বর্ণনা দিয়ে যে জবানবন্দি দিয়েছিলেন, তাতে তাঁর নাম নেই। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলায় ফাঁসানো হয়েছে। পরে আদালত আগামী বুধবার আরেক আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন।
তবে হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদার আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, এলাকায় মাদকের বিরোধিতা করায় শাহ সেলিমের নির্দেশে তাঁর ছেলেকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার একটি বাড়িতে কুকুর লেলিয়ে দিয়ে ‘এ’ লেভেলের শিক্ষার্থী হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। পরে ঢাকার একটি হাসপাতালে মারা যায় সে। এ ঘটনায় হিমাদ্রীর মামা অসিত কুমার পাঁচলাইশ থানায় পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।