নিজেকে নির্দোষ দাবি করলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
গতকাল বৃহস্পতিবার ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের পর এই দাবি করেন বিএনপির চেয়ারপারসন। গতকাল আত্মপক্ষ সমর্থনের বক্তব্য শেষ না হওয়ায় আদালত ৮ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন। পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এ মামলার বিচার চলছে।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া আদালতে হাজির হন। এ মামলায় রাষ্ট্রপক্ষের উপস্থাপিত ৩২ সাক্ষীর সারসংক্ষেপ পড়ে শোনানো হয়। আদালত খালেদা জিয়াকে বলেন, ‘আপনার বিরুদ্ধে আসা এই অভিযোগের বিষয়ে আপনার বক্তব্য আছে কি না।’ খালেদা জিয়া নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা সঠিক নয়। খালেদা জিয়া আদালতকে বলেন, তিনি লিখিত কোনো বক্তব্য দেবেন না। নিজেই আদালতে বক্তব্য দেবেন। এ পর্যায়ে আদালত বলেন, খালেদা জিয়া যতক্ষণ ইচ্ছে বলতে পারেন, এর জন্য সময় বেঁধে দেওয়া হবে না।
খালেদা জিয়া প্রায় ২০ মিনিট বক্তব্য উপস্থাপন করে বলেন, ‘জাতি আজ লাঞ্ছিত, নির্যাতিত। সমগ্র বাংলাদেশকে আজ কারাগারে পরিণত করা হয়েছে। এখন দেশের সবখানে অস্থিরতা। মানুষ আজ অনিরাপত্তাবোধ করছে।’ বিএনপির চেয়ারপারসন আরও বলেন, মিথ্যা ও সাজানো মামলায় তাঁর দলের ৪ লাখের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে ২৫ হাজারের মতো মামলা দেওয়া হয়েছে। নেতা-কর্মীরা নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। গুম, খুন, অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মী। দেশে এখন সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার কথা বড় বেশি বলা হয়। তিনি বলেন, ‘কোথায় সাংবিধানিক শাসন? কোথায় নাগরিকদের সেই অধিকার?’
খালেদা জিয়ার বক্তব্য শেষ না হওয়ায় আদালত নতুন দিন ধার্য করেন। মামলার অপর আসামিরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (পলাতক), জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান।
২০১০ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে মামলা করে দুদক। এতে ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ আনা হয়। ২০১২ সালের ১৬ জানুয়ারি চারজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয় দুদক। ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করা হয়।
রাষ্ট্রদ্রোহ মামলার নতুন তারিখ: গতকালই রাষ্ট্রদ্রোহ, নাশকতাসহ ১০টি মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়ার দিন ধার্য ছিল। তবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দেওয়ার কারণে তিনি ওই ১০ মামলায় হাজিরা দিতে পুরান ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আসতে পারবেন না জানিয়ে তাঁর আইনজীবীরা সময়ের আবেদন করেন। আদালত আগামী ৯ জানুয়ারি তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেন।
মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন এ মামলাগুলো হলো দারুসসালাম থানায় করা নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানায় নাশকতার একটি এবং রাষ্ট্রদ্রোহের একটি মামলা।