চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আবছার খুনের ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। আবদুল মোনাফ বলেন, ‘আবছার খুন হওয়ার পরদিন তাঁর জানাজার নামাজে আমি হাজির হই। তখন মোহাম্মদ সৈয়দ ও মাসুদ নামে দুই শিবির ক্যাডার আমার ওপর হামলার নেতৃত্ব দেয়।’তিনি আবছার হত্যার তীব্র নিন্দা জানান। হত্যাকাণ্ডের ২৩ দিন পর ওই ঘটনার নিন্দা, জামায়াতকে দোষারোপ এবং আত্মগোপন থেকে হঠাৎ করে জনসমক্ষে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চট্টগ্রাম ছাড়তে চাইনি। আমার ছেলেরাই জোর করে ঢাকায় নিয়ে আমাকে চিকিৎসা করিয়েছে। এ জন্য আমি চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন ছিলাম।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ ইদ্রিস, সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহেরুল ইসলাম, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম, যুগ্ম সম্পাদক গোলাম ফারুক প্রমুখ।