নিজেকে নির্দোষ দাবি করলেন রেজওয়ানুল
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস (২১) নিজেকে নির্দোষ দাবি করেছেন। গত মঙ্গলবার ব্রুকলিনের ফেডারেল আদালতে হাজির করা হলে তিনি এই দাবি করেন। খবর রয়টার্স, বিবিসি ও এএফপির। রেজওয়ানুলকে গত ১৭ অক্টোবর গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। এর একটি হলো, গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের চেষ্টা। অন্যটি, আল-কায়েদার কাছ থেকে অস্ত্র-সরঞ্জাম নেওয়ার চেষ্টা। অভিযোগ প্রমাণিত হলে রেজওয়ানুলের যাবজ্জীবন কারাদণ্ড হবে। রেজওয়ানুলকে কয়েদির পোশাক পরিয়ে আদালতে হাজির করা হয়। সংক্ষিপ্ত শুনানির পর তাঁকে আবার কারাগারে পাঠানো হয়। শুনানি শুরু হওয়ার আগে রেজওয়ানুল নিজেকে নির্দোষ দাবি করলেও শুনানি চলাকালে তিনি কোনো কথা বলেননি। আদালত আগামী ৯ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন। প্রথম আলোর নিউইয়র্ক প্রতিনিধি জানান, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে রেজওয়ানুলকে দিয়ে দোষ স্বীকার করানোর চেষ্টা করা হচ্ছে। তাঁকে বলা হয়েছে, দোষ স্বীকার করলে তাঁর সাজার মেয়াদ কমতে পারে। সরকারি কৌঁসুলি জেমস লোনাম বিষয়টি নিয়ে রেজওয়ানুলের সঙ্গে আলোচনার কথা আদালতকে জানান। তবে রেজওয়ানুলের পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী হেইডি সিজার শুনানি শেষে এ সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।