নিজেকে নির্দোষ দাবি কাউন্সিলর ময়নুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটে চাঁদাবাজির ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের নেতা ময়নুল হক ওরফে মঞ্জু। পাল্টা অভিযোগ তুলে তিনি বলেছেন, র‍্যাবকে ব্যবহার করে তাঁর লোকজনের বিরুদ্ধে মামলা করিয়েছেন মার্কেটের সাবেক সভাপতি আজমল হোসেন ওরফে বাবুল।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন। এ সময় ময়নুলের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম।
চাঁদাবাজি থেকে রেহাই পেতে রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে গত বুধবার মধ্যরাতে র‍্যাব-১০-এর একটি দল ওই বিপণিবিতানে অভিযান চালায়। এ সময় ১১ জনকে আটক করা হয়। পরে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত।
ঘটনার সময় দেশের বাইরে ছিলেন জানিয়ে ময়নুল বলেন, ‘২০১০ সাল থেকে মার্কেট কমিটির সভাপতির দায়িত্ব পাই। এর আগের সভাপতি বাবুল জোর করে ২০০ দোকানের মালিক হয়েছেন। তাঁর সময় থেকে রমজান মাসে মার্কেটের কর্মচারী-নিরাপত্তা রক্ষীদের বোনাস-ইফতার বাবদ দোকানপ্রতি ৫০০ টাকা অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া হতো। এখনো একই হারে এই টাকা নেওয়া হয়।’
ময়নুল হক আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে আমি মার্কেটের সভাপতি। আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রমাণ হলে যেকোনো শাস্তি মাথা পেতে নেব।’
এদিকে আজমল হোসেনের দাবি, প্রতি মাসে সার্ভিস চার্জ থেকে সব খরচ বাদ দিয়ে দুই লাখ জমা থাকার কথা। সেই হিসেবে বছরে ২২ লাখ টাকা কমিটির কাছে রয়েছে। তারপরও ৮ জুলাইয়ের মধ্যে সাড়ে সাত লাখ টাকা নিজের লোক দিয়ে চাঁদাবাজি করেছেন ময়নুল। আজমল প্রথম আলোকে বলেন, ‘জোর করে কমিটি করে সভাপতি হয়ে বসে আছেন ময়নুল। ৬৩ লাখ টাকা বিদ্যুতের বিল আত্মসাৎ করেছেন তিনি।’
সাংবাদিকদের কাছে দেওয়া ময়নুল হকের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে র‍্যাব-১০ অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর প্রথম আলোকে বলেন, ময়নুল র‍্যাবকে বিতর্কিত করার চেষ্টা করছেন। রাজধানী সুপার মার্কেটে চাঁদাবাজির সঙ্গে তিনি জড়িত।