নিজেকে বুঝতে হলে বিজ্ঞান বুঝতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে বিজ্ঞানভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

গতকাল শনিবার সকাল ১০টায় জাতীয় বিজ্ঞান ও জাদুঘর এবং ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া কোমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নিজেকে বুঝতে হলে, পরিবেশ ও বিশ্বব্রমাণ্ডকে বুঝতে হলে বিজ্ঞান বুঝতে হবে।

সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভূমিকা ও আমাদের প্রত্যাশা। একই সঙ্গে বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর মো. মোহসীন মোল্লা। আলোচনায় অংশ নেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর এস এম আবু হান্নান, সরকারি সারদা সুন্দরী কলেজের অধ্যাপক কাজী সাইফুদ্দিন আল মাহমুদ প্রমুখ।

সেমিনারের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া তাসমিন প্রথম, ফরিদপুর জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী জয় চক্রবর্তী দ্বিতীয় এবং সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আফসানা মিমি তৃতীয় স্থান অধিকার করে।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ বিজয়ীরা ঢাকায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।