নিজেকে বৈধ সাংসদ দাবি করলেন মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের ত্রুটির কারণে চাঁদপুর-১ আসনে ড. মহীউদ্দীন খান আলমগীর এখনো সংসদ সদস্য পদে বহাল আছেন বলে দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।মিলনের দাবি, আদালতের রায় অনুযায়ী তিনিই বৈধভাবে জয়ী। তিনিই ওই আসনের বৈধ সাংসদ। কাজেই প্রজ্ঞাপন সঠিকভাবে জারি করে তাঁকে বিজয়ী ঘোষণা করতে তিনি নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মিলন এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সাংসদ বরকত উল্লা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান উপস্থিত ছিলেন। মিলন বলেন, নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়নপত্র বাতিল করে দেন চাঁদপুরের রিটার্নিং কর্মকর্তা। আলমগীর সেই বাতিল আদেশের বিরুদ্ধে ইসিতে আপিল করেন। কিন্তু ইসি রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রাখেন। তিনি ওই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান। হাইকোর্টও রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রাখেন। পরে চেম্বার জজের আদেশ নিয়ে তিনি নির্বাচন করেন।মিলন বলেন, পরে ইসি মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিয়ে আইনি লড়াই চালিয়ে যায় এবং সুপ্রিম কোর্ট আলমগীরের সদস্যপদ বাতিল করেন। ওই রায়ের পরিপ্রেক্ষিতে ইসি আলমগীরের সদস্যপদ বাতিল করে আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে সচিবের স্বাক্ষর না দিয়ে যুগ্ম সচিবের স্বাক্ষর দেওয়া হয়। ‘নির্বাচন কমিশনের আদেশক্রমে’ কথাটিও প্রজ্ঞাপন থেকে বাদ দেওয়া হয়। তিনি আরও বলেন, আলমগীর প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে ২৬ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন এবং ওই প্রজ্ঞাপন ছয় মাসের জন্য স্থগিত হয়। ইসি ভুল করে হোক বা ইচ্ছা করে হোক, প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে সঠিক পদ্ধতি অনুসরণ না করায় এর সুযোগ নিচ্ছেন আলমগীর। এখন মিলন নিজেই ইসিকে লিখিতভাবে জানাবেন যে ইসি যেন প্রজ্ঞাপন সঠিকভাবে জারি করে ওই আসনে বৈধ সর্বোচ্চ ভোটপ্রাপ্ত হিসেবে তাঁকে বিজয়ী ঘোষণা করেন।