
প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘পচা শামুকে যেন পা না কাটে সে জন্য মাদক সম্পর্কে আগেই সচেতন হতে হবে। কেন আমি এই মাদকটা নেব, নিজেকে এই প্রশ্ন করতে হবে। নিজেকে রক্ষা করব, এটাই আমার দায়িত্ব।’
রাজধানী ডব্লিউভিএ মিলনায়তনে গতকাল শনিবার প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের পরামর্শ সহায়তা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকালের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বড় অংশ ছিল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। মাদক বিষয়ে সচেতন হতে তারা অংশ নেয়। এটি মাদকবিরোধী আন্দোলনের ৬০তম পরামর্শ সহায়তা অনুষ্ঠান।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক মোহিত কামাল বলেন, ‘মাদক শরীরে ঢুকলেই মানুষ বদলে যায়। মানুষের ইচ্ছা, প্রয়োজন ও আগ্রহ তিনটিকেই নিয়ন্ত্রণ করে ফেলে মাদক। তাই শুধু জ্ঞান থাকলে হবে না, তা কাজে লাগাতে হবে।’
একজন মাদকাসক্তের জন্য পুরো পরিবার ধ্বংস হয় বলে মন্তব্য করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, ‘এটাতো শুধু তোমার নিজের একার জীবন নয়। এতে তোমার পরিবার, দেশের অবদান আছে। তোমার দায়িত্ব নিজেকে রক্ষা করা, অন্যদের মাদক নিতে মানা করা।’ মাদকের কারণে প্রতিভার অপচয় হয় বলে মনে করেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সুলতানা আলগিন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ফারজানা রাবিন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক অভ্র দাশ ভৌমিক, মেখলা সরকার, ফারজানা রহমান ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সহকারী পরিচালক নিয়াজ মো. খান এবং আপনের নির্বাহী পরিচালক ব্রাদার রোনাল্ড ড্রাহোজাল। এ ছাড়া খুদে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন দ্য ডেইলি স্টার-এর স্টার ম্যাগাজিনের সম্পাদক ও সংগীতশিল্পী এলিটা করিম এবং অভিনয়শিল্পী ইরেশ যাকের। উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, অক্সফোর্ড স্কুলের ইংরেজি শিক্ষক মো. আখতারুজ্জামান ও সংগীতশিল্পী সন্ধি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার নির্বাহী সভাপতি সাইদুজ্জামান রওশন এবং প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ।