নিজেকে 'অসুস্থ' দাবি করলেন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরতলির ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৮ শিক্ষার্থীকে ব্লেড ধরিয়ে দিয়ে নিজেদের হাত-পা কেটে রক্তাক্ত করতে বাধ্য করার ঘটনার তদন্ত শুরু হয়েছে৷
গত শুক্রবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার মৃধা সরেজমিনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এ সময় অভিযুক্ত শিক্ষক দীপা দাস নিজেকে ‘অসুস্থ’ বলে দাবি করে বলেন, ‘আমার হৃদ্যন্ত্র ও কিডনিতে সমস্যা রয়েছে। অ্যান্টিবায়োটিক সেবন করায় সেদিন আমার মাথা ঠিকমতো কাজ করছিল না। শিক্ষার্থীরা আমার কাছে সন্তানের মতো। অঙ্ক না পারায় তাদের ভয়ভীতি দেখিয়েছিলাম। পরে কীভাবে কী হয়েছে, আমি বলতে পারব না।’
আবুল বাশার মৃধা জানান, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই সবার সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষই পরবর্তী সিদ্ধান্ত নেবে।
গত বুধবার ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বাসা থেকে অঙ্ক করে না আনায় শিক্ষক দীপা দাস পার্শ্ববর্তী বাজারের একটি সেলুন থেকে এক শিক্ষার্থীকে দিয়ে ৪৮ টুকরা পরিত্যক্ত ব্লেড আনান। পরে শিক্ষার্থীদের হাতে সেই ব্লেড ধরিয়ে দিয়ে নিজেদের হাত-পা কেটে রক্তাক্ত করতে বলেন। বাধ্য হয়ে কোমলমতি শিক্ষার্থীরা নিজেদের হাত-পা কেটে রক্তাক্ত করে। এ ঘটনায় বৃহস্পতিবার শতাধিক অভিভাবক বিদ্যালয়ে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। শুক্রবার এ নিয়ে প্রথম আলোয় ‘ব্লেড ধরিয়ে দিয়ে শিক্ষিকা বললেন, হাত-পা কাট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।