সুনামগঞ্জে ৪৮ শিক্ষার্থীকে ব্লেড ধরিয়ে দিয়ে নিজেদের হাত-পা কেটে রক্তাক্ত করতে বলার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা দাবি করেছেন, তিনি ‘অসুস্থ’৷ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে তিনি এ দাবি করেছেন৷
শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরতলির ইব্রাহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার মৃধা। তিনি ঘটনা তদন্তে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।
এ সময় অভিযুক্ত সহকারী শিক্ষিকা দীপা দাস শিক্ষা কর্মকর্তার কাছে তাঁর বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমি অসুস্থ। আমার হৃদ্যন্ত্র ও কিডনিতে সমস্যা রয়েছে। উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করায় সেদিন আমার মাথা ঠিকমতো কাজ করছিল না। শিক্ষার্থীরা আমার কাছে সন্তানের মতো। অঙ্ক না পারায় তাদের ভয়ভীতি দেখিয়েছিলাম। পরে কীভাবে কী হয়েছে আমি বলতে পারব না।’
গত বুধবার ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বাসা থেকে অঙ্ক করে না আনায় শিক্ষিকা দীপা দাস পাশের বাজারের একটি সেলুন থেকে ৪৮ টুকরা পরিত্যক্ত ব্লেড আনিয়ে শিক্ষার্থীদের হাতে ধরিয়ে দেন৷ এরপর নিজেদের হাত-পা কেটে রক্তাক্ত করতে বলেন। পরে কোমলমতি শিক্ষার্থীরা বাধ্য হয়ে নিজেদের হাত-পা কেটে রক্তাক্ত করে।
জানতে চাইলে শিক্ষা কর্মকর্তা আবুল বাশার মৃধা বলেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই সবার সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।