নিজেকেই নিজে ভোট দেননি!
সাতক্ষীরার শ্যামনগরে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করে এক প্রার্থী নিজের ভোট নিজেকে না দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। অপর এক প্রার্থী একটি ভোট পেলেও বঞ্চিত হয়েছেন তাঁর স্ত্রী ও স্বজনদের ভোট থেকে। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১ নম্বর ভুরুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করেন সাবেক ছাত্রনেতা আবু তালেব। গণনা শেষে দেখা যায়, তিনি কোনো ভোট পাননি। অর্থাৎ স্ত্রী তো দূরের কথা, বিবেকের তাড়নায় নিজের ভোটটিও তিনি যোগ্য অন্য প্রার্থীকে দিয়েছেন।একইভাবে ৫ নম্বর কৈখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করে ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে আবদুল মজিদ পেয়েছেন একটি মাত্র ভোট। সে ক্ষেত্রে তাঁর স্ত্রীও তাঁকে ভোট দেননি।কোনো ভোট না পাওয়া আবু তালেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ইচ্ছা হয়েছিল, তাই ভোটে দাঁড়িয়েছিলাম। শেষ মুহূর্তে ভোটের গুরুত্বের কথা ভেবে স্বামী-স্ত্রী মিলে মনোনীত প্রার্থীর অনুকূলে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিলাম।’ এক ভোট পাওয়া আবদুল মজিদ বলেন, ‘দীর্ঘদিনের আশা ছিল ইউপি নির্বাচন করার। তাই দাঁড়িয়েছিলাম। নিজের স্ত্রীর স্বাধীনতায় হস্তক্ষেপ না করে ভোট নষ্ট না করতে বলেছিলাম। তবু নিজের ভোট নিজে না দিলে লোকে মন্দ বলবে, তাই নিজের ভোটটি নিজের প্রতীকে দিয়েছিলাম।’ শ্যামনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।