নিজেদের অর্থে সড়ক সংস্কার শুরু করলেন সিএনজিচালকেরা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চালকেরা নিজেরাই অর্থ সংগ্রহ করে চাঁদপুর-ফরিদগঞ্জ-রামগঞ্জ সড়কের চার কিলোমিটার রাস্তার সংস্কারকাজ শুরু করেছেন।রাস্তা সংস্কারের জন্য সিএনজির চালকেরা মাথাপিছু ২০০ টাকা করে চাঁদা দিয়েছেন। এরই মধ্যে তাঁরা স্বেচ্ছাশ্রমে রাস্তার চার কিলোমিটারজুড়ে বিভিন্ন জায়গায় ইট-বালু ফেলেছেন। টানা তিন দিন ধরে তাঁরা এই কাজ করছেন। এতে তাঁদের প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের চাঁদপুর সেচ প্রকল্পের বেড়িবাঁধ হিসেবে ষাটের দশকে এই সড়কটি নির্মিত হয়। ১৯৯৩ সালে এলজিইডি সড়কটি পাকা করে। তবে এরই মধ্যে ১৯ বছর পেরিয়ে গেলেও এই সড়কের তেমন কোনো সংস্কারকাজ হয়নি। ওই সড়কের আশপাশে ১০-১২টি ইটভাটা থাকায় ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে ইট আনা-নেওয়া করা হয়। ফলে রাস্তাটির অবস্থা বেহাল। চাঁদপুরের ইচলি থেকে ফরিদগঞ্জের গল্লাক পর্যন্ত সড়কের প্রায় ৩০ কিলোমিটারজুড়েই বেহাল অবস্থা। সবচেয়ে বেশি খারাপ অবস্থা সড়কের চান্দ্রা-মুন্সিরহাট অংশের ইসলামপুর থেকে মুন্সিরহাট বাজার পর্যন্ত চার কিলোমিটার এলাকায়। রাস্তাজুড়েই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কটি যানবাহন চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন শতাধিক সিএনজি-চালিক অটোরিকশা, মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাসকে বাধ্য হয়ে বিকল্প সড়ক হিসেবে হাজীগঞ্জ-রামগঞ্জসহ অন্যান্য রাস্তায় চলাচল করতে হচ্ছে। উপজেলা সিএনজিচালক সমিতির সভাপতি মিন্টু মাল জানান, ‘কয়েক বছর ধরে রাস্তাটিতে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। কিন্তু সরকার রাস্তাটির সংস্কারের কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা নিজেদের অর্থে এর সংস্কারকাজ শুরু করেছি।’