‘সুরমা রিভার ওয়াটারকিপার’ ঘোষণা অনুষ্ঠানে সুলতানা কামাল
নিজেদের অস্তিত্বের স্বার্থে নদী বাঁচিয়ে রাখতে হবে
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, নদীকে বলা হয় একটা দেশের জীবনসূত্র। সব সভ্যতার সূচনা নদী থেকেই। জীবন ও সভ্যতার অবিচ্ছেদ্য অংশ এই নদী দখল-দূষণে বিপন্ন হতে চলেছে। তাই নদী রক্ষার বিষয়টিও এখন সামনে চলে এসেছে। নিজেকে বাঁচিয়ে রাখতে হলে নদীকেও বাঁচিয়ে রাখতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে সিলেট সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে ‘সুরমা রিভার ওয়াটারকিপার’ ঘোষণা অনুষ্ঠানে সুলতানা কামাল এসব কথা বলেন।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াটারকিপার অ্যালায়েন্স সম্প্রতি ‘সুরমা রিভার ওয়াটারকিপার’ হিসেবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলার সাধারণ সম্পাদক আবদুল করিম কিমকে স্বীকৃতি দেয়। বাপার কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে সুলতানা কামাল গতকাল সেই ঘোষণা দেন।
এর আগে বাংলাদেশের আরও দুজন রিভার ওয়াটারকিপারের স্বীকৃতি পান। তাঁরা হলেন বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরিফ জামিল ও বাপার হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। শরিফ জামিল ২০০৯ সালে ‘বুড়িগঙ্গা রিভার ওয়াটারকিপার’ ও তোফাজ্জল সোহেল ২০১২ সালে ‘খোয়াই রিভার ওয়াটারকিপার’-এর স্বীকৃতি পান।
সুলতানা কামাল তাঁর বক্তৃতায় বলেন, নদী ইতিহাসেরই অংশ। পদ্মা-মেঘনা বললে যেমন বাংলাদেশের কথা আসে, তেমনি সুরমা বললে সিলেট অঞ্চলের কথা আসে। এসব নদী হারিয়ে গেলে ঠিকানাহীন হয়ে পড়তে হবে। তাই নিজেদের অস্তিত্ব ও দেশকে বাঁচিয়ে রাখার স্বার্থে নদীকে বাঁচিয়ে রাখতে হবে। এ ছাড়া কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে ওয়াটারকিপার সম্পর্কে ধারণাসূচক বক্তৃতা দেন শরিফ জামিল। এ ছাড়া আলোচনায় অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাপার জাতীয় পরিষদের সদস্য মো. সালেহ উদ্দিন, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি তবারক হোসেইন, বাপা সিলেটের সহসভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুপ্রিয় চক্রবর্তী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জহির বিন আলম, জোবেদা কনক খান ও মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী।
ওয়াটারকিপার ঘোষিত হওয়ার পর আবদুল করিম কিম সুরমা নদীর ওপর একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। এতে সুরমার উৎসমুখ থেকে প্রবহমান অংশে দখল আর দূষণে নদী বিপন্ন হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। এ ক্ষেত্রে সামাজিক আন্দোলনের মাধ্যমে নদী সুরক্ষায় সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।