নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং বিশ্বে বাংলাদেশকে এগিয়ে নিতে একটি গর্বিত জাতির প্রকৃত ইতিহাস জানতে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা শিশুদের উদ্দেশে বলেন, ‘ভবিষ্যতে তোমরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে। ফলে তোমাদেরকে জাতির মূল্যবান সন্তান হতে সকল ধরনের যোগ্যতা অর্জন করতে হবে।’ প্রধানমন্ত্রী গতকাল সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশে ভাষণদানকালে এসব কথা বলেন। শেখ হাসিনা সুন্দর নৈতিক চরিত্র এবং দৃঢ় মনোবলের অধিকারী হিসেবে নিজেদের গড়ে তুলতে শিশুদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার শিশুদের মানসম্পন্ন শিক্ষা প্রদান এবং তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধির জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছে। তিনি শিশুদের প্রতি প্রগতিশীল মানসিকতা গড়ে তোলা এবং সমাজবিরোধী কোনো কর্মকাণ্ড অথবা মাদকের সঙ্গে সম্পৃক্ত না হতে আহ্বান জানিয়ে বলেন, তোমাদের ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে দৃঢ় নৈতিকতার অধিকারী হতে হবে।শেখ হাসিনা বলেন, তাঁর সরকার খেলাধুলা ও শরীরচর্চার জন্য যুবকদের সুযোগ সৃষ্টি করে দিতে প্রতিটি উপজেলায় কমপক্ষে একটি করে স্টেডিয়াম তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘একদিন আমরাও ক্রিকেটে বিশ্বকাপ জিতব, সেদিন আর বেশি দূরে নেই। পাশাপাশি আমরা ফুটবল ও অন্যান্য খেলাধুলায়ও আমাদের যোগ্যতার স্বাক্ষর রাখব।’অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম ও ঢাকা জেলা প্রশাসক এম মুহিবুল হক উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের শিশুদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় তিনি শিশুদের কুচকাওয়াজ ও বর্ণাঢ্য শারীরিক কসরত প্রত্যক্ষ করেন।স্মারক ডাকটিকিট ও খাম অবমুক্ত: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ৪১তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট ও একটি খাম অবমুক্ত করেছেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ ডাক বিভাগের ইস্যু করা ২৬ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট ও ১০ টাকা মূল্যমানের খাম অবমুক্ত করা হয়। এ স্মারক ডাকটিকিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও শিখা চিরন্তনের ছবি আছে। অবমুক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস ও ডাক বিভাগের মহাপরিচালক মোবাশ্বেরুর রহমান। বাসস।