নিজেদের ও পরিবারকে ধ্বংস করছে জঙ্গিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল শনিবার তিনটি স্থানে শোভাযাত্রা, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। খুলনায় সমাবেশে বক্তারা বলেন, জঙ্গিরা নিজেদের ও তাদের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: দুপুর ১২টার দিকে নগরের অশ্বিনীকুমার হল চত্বরে বরিশালের উন্নয়ন সংগঠনগুলোর উদ্যোগে মানববন্ধন হয়। এতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশালের সভাপতি আক্কাস হোসেন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি দাশগুপ্ত আশীষ কুমার, বরিশাল নদী-খাল-জলাশয় রক্ষা আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন, উন্নয়ন সংগঠক রণজিৎ দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, পাড়া ও মহল্লায় খেলার মাঠ না থাকায় শিশু-কিশোরেরা অপকর্মে জড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে। এসব প্রতিরোধে খেলাধুলা ও সংস্কৃতিচর্চা বাড়াতে হবে। তাহলে জঙ্গিবাদ নামক শব্দটি বাংলাদেশে থাকবে না।
খুলনা: নগরের খালিশপুরে পিপলস জুট মিলের ফটক থেকে আলম নগর মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় মানববন্ধন হয়। খুলনা সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এর আয়োজন করে। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন খুলনা-৩ আসনের সাংসদ বেগম মন্নুজান সুফিয়ান। এতে ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আহমেদ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমান, খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, জঙ্গিরা নিজেদের ও পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। সর্বোপরি তারা রাষ্ট্রকে ধ্বংস করার চেষ্টা করছে। তাই নতুন প্রজন্মকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
রাজবাড়ী: সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুরে সকাল সাড়ে ১০টার দিকে শোভাযাত্রা, মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মর্জি-দেলোয়ারা কলেজ ও মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি উচ্চবিদ্যালয় এ কর্মসূচির আয়োজন করে। ‘শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির প্রিয় বাংলাদেশে জঙ্গিবাদকে “না” বলুন’ স্লোগানে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, অধ্যক্ষ মাহবুব আহমেদ, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা বদিউজ্জামান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী একটি চক্র কোমলমতি কিছু শিক্ষার্থীকে বিপথে নিয়েছে। কিন্তু দেশে অশুভ কোনো কিছু টিকে থাকতে পারবে না। দেশ মুক্তিযুদ্ধের চেতনায় সামনে এগিয়ে যাবেই।