নিজেদের ক্ষতি করে মানবতা দেখানো সমীচীন নয়: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে ঢুকতে বাধা প্রসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, ‘দেশের মানুষের ক্ষতি করে মানবতা দেখানো সমীচীন হবে না।’
আজ বুধবার সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকার কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথাগুলো বলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
কাজী রিয়াজুল হক বলেন, ‘আমার প্রথম দায়িত্ব হচ্ছে, আমার দেশের মানুষের মানবাধিকার সুরক্ষা করা। বাংলাদেশে আরও নতুন মানুষকে নিয়ে আমাদের মানবাধিকার লঙ্ঘিত হয়, এমন কোনো কাজ করতে পারি না।’ তিনি বলেন, ‘আমি আমার দেশ ও দেশের মানুষকে ভালোবাসি। আমার দেশের মানুষের জন্য যেটা মঙ্গলজনক হবে, যেটা কল্যাণকর হবে, আমরা সেটার পক্ষেই যাব।’
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘১৯৭৮ সাল থেকে বাংলাদেশে রোহিঙ্গারা আসতে শুরু করেছিল। ওই দেশ থেকে আমাদের দেশে প্রায় দুই লাখ রোহিঙ্গা দেশে ঢুকেছিল। পরে আলাপ-আলোচনা করে তাদের ওই দেশে ফেরত পাঠানো হয়। তারপরও বাংলাদেশে কক্সবাজারের দুটি ক্যাম্পে সরকারি হিসাবমতে ৩৫ হাজারের মতো রোহিঙ্গা এখন বাংলাদেশে রয়ে গেছে। তবে বেসরকারি হিসাবমতো ওই সংখ্যা আরও অনেক বেশি।’
কাজী রিয়াজুল হক বলেন, রোহিঙ্গারা এ দেশে এসে বিভিন্ন অপরাধ করছে। বাংলাদেশ থেকে পাসপোর্ট করে নিয়ে বিদেশে গিয়ে তারা অপরাধ করছে। আর বাংলাদেশের ভাবমূর্তি তাদের দ্বারা ক্ষুণ্ন হচ্ছে। তিনি বলেন, ‘মিয়ানমার থেকে পার্বত্য চট্টগ্রাম হয়ে একটা পথ আছ। এখান দিয়ে অস্ত্র যেমন আসে, ইয়াবাও তেমন আসে। এ ব্যাপারে আমরা যদি কঠোর না হই, তাহলে এটা বাংলাদেশকে শেষ করে দেবে।’
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘জঙ্গিরা এ দেশের মুক্তমনা মানুষকে, সত্য কথা যারা বলে তাদের কাউকে থাকতে দেবে না। আমাদের অনেককেই হয়তো তারা শেষ করে ফেলবে। তেমনি দেশে ইয়াবা যদি ঢুকে যায়। তাহলে এ দেশের সমাজ নষ্ট হয়ে যাবে, এ প্রজন্ম নষ্ট হয়ে যাবে। এমনিতেই ইয়াবার ভয়ে আমরা এখন আতঙ্কিত। সে কারণে এত বড় ঝুঁকি তো আমরা নিতে পারি না।’
মিয়ানমারের ক্ষমতাসীন সরকারের অলিখিত প্রধান অং সান সু চির সমালোচনা করে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। অথচ তিনি ক্ষমতায় আসার পর মানুষের ওপর নির্যাতন হচ্ছে। তাদের চোখের সামনে তাদের মা-বাবা, ভাইবোনদের মেরে ফেলা হচ্ছে। তারা পালিয়ে বাঁচতে চেষ্টা করছে।’
কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনের সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাহেনুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর, গাজীপুরের উপপরিচালক শংকর সরণ সাহা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, প্রতিষ্ঠানটির সুপার আবুল ফজল মো. আমানুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।