নিজেদের গড়া বিদ্যালয়েই থাকতে পারবেন না তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি গ্রাম রাইল্যা দক্ষিণ কুষ্টিয়া। গ্রামে শিক্ষার আলো ছড়াতে ১০ বছর আগে কয়েকজন উদ্যমী ব্যক্তির সঙ্গে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন চার শিক্ষক। তাঁদের টাকায় কেনা জমিতে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়। এরপর শত আর্থিক সংকট-সমস্যার মধ্যেও আলো ছড়াচ্ছেন তাঁরা।কিন্তু উপজেলা প্রাথমিক কর্মকর্তার অনিয়মের কারণে নিজেদের গড়া বিদ্যালয়েই থাকতে পারবেন না চার শিক্ষক। তাঁরা হলেন রাইল্যা দক্ষিণ কুষ্টিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন, সহকারী শিক্ষক নাসরিন সুলতানা, ইসরাত জাহান ও তাহমিনা খানম।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় জানায়, বর্তমান সরকার বিদ্যালয়বিহীন দেড় হাজার গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য প্রকল্প নেয়। ওই প্রকল্পের অধীনে বিদ্যালয় নির্মাণের জন্য রাইল্যা দক্ষিণ কুষ্টিয়া গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই উল্লেখ করে ২০১১ সালে প্রকল্প পরিচালকের কাছে প্রতিবেদন পাঠান তৎকালীন সাটুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। অথচ ওই গ্রামে ২০০৩ সাল থেকেই রাইল্যা দক্ষিণ কুষ্টিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল।প্রতিবেদনের ভিত্তিতে ওই গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। গত বছরের ১৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগের স্থানীয় সাংসদ জাহিদ মালেক ওই বিদ্যালয়ের টিনশেড ভবনের পাশেই একটি পাকা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।বিদ্যালয়টি সরকারীকরণ হওয়ায় নিয়ম অনুযায়ী সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ওই বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে। তখন চাকরি হারিয়ে বেকার হয়ে পড়বেন ওই চার শিক্ষক। নিজেদের গড়া বিদ্যালয়ে নিজেরাই থাকতে পারবেন না।প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন বলেন, ‘বিদ্যালয়টি প্রকল্পভুক্ত হলে আমরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাব—এমন আশ্বাস দিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা কমিটির সদস্যরা আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। তাঁদের প্রতারণার শিকার হয়ে বিদ্যালয়টি রেজিস্ট্রেশনও করতে পারিনি। এখন আমাদের চাকরিই থাকছে না।’ চাকরি নিয়মিতকরণের জন্য ছানোয়ারসহ চার শিক্ষক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর কাছে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন।তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন, ‘এটা আমার একার সিদ্ধান্তে হয়নি। উপজেলা শিক্ষা কমিটির সদস্যদের যৌথ সিদ্ধান্তের কারণে ওই গ্রামটি বিদ্যালয়বিহীন দেখানো হয়েছিল।’তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করে কমিটির সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল আলম বলেন, রাইল্যা দক্ষিণ কুষ্টিয়া গ্রামে বিদ্যালয় থাকার পরও সরকারি প্রকল্পের আওতাভুক্ত করায় অনিয়ম হয়েছে।