নিজেদের চেষ্টায় সফল ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব ছোট থাকতেই দুজনের বাবা মারা যান। একজন মায়ের সঙ্গে সকালে সবজি বিক্রি করে বিদ্যালয়ে যেত। অন্যজন পোশাকশ্রমিক দুলাভাইয়ের পরিবারের সঙ্গে থাকত। গত দুই বছর গৃহশিক্ষকতা করে পড়াশোনা করেছে সে।

সেই দুজন এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গাজীপুরের টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন থেকে জিপিএ-৫ পেয়েছে। অদম্য দুই শিক্ষার্থীর নাম মো. শাহজালাল ও মো. শাহিনূর রহমান। শাহজালাল পরীক্ষা দিয়েছে কারিগরি শাখায়। শাহিনূর ব্যবসায় শিক্ষা শাখায়।

শাহজালাল: গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবের পুরান বাজার এলাকায়। বাবা মো. সুলতান টঙ্গীর এরশাদনগর এলাকায় মাটির তৈজসপত্র বিক্রি করতেন। ১৯৯৮ সালে তাঁর মৃত্যু হয়। এর পর থেকে মা সুরাইয়া বেগমের সঙ্গে টঙ্গী বাজার এলাকায় বাস করছে তারা দুই ভাই।

শাহজালালের ছোট ভাই পড়াশোনা ছেড়ে কাজ করছে একটি মুদির দোকানে। অন্যদিকে মা বাজারে সবজি বিক্রি করে প্রতিদিন ১৫০ থেকে ২০০ টাকা আয় করেন। তিন হাজার টাকা ঘর ভাড়া দেওয়ার পর কোনোমতে চলে তাদের সংসার।

‘সকালে টঙ্গী বাজারে মায়ের সঙ্গে সবজি বিক্রি করতাম। স্কুলের সময় হলে সেখান থেকেই যেতাম স্কুলে।’ বলছিল শাহজালাল। শাহজালালের ভাষ্য অনুযায়ী, তার কোনো গৃহশিক্ষক দরকার হয়নি। শিক্ষকদের সহযোগিতা ও নিজের চেষ্টায় ভালো ফলাফল করেছে। কিন্তু আর্থিক দুরবস্থার কারণে উচ্চশিক্ষা নিয়ে সে চিন্তিত।

শাহিনূর: শাহিনূরের বাবা ২০০১ সালে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তিনি বিসিক এলাকার একটি ওয়াশিং কারখানায় শ্রমিকের কাজ করতেন। সংসারে তখন উপার্জনক্ষম কেউ ছিলেন না। বড় বোনের স্বামী মাসুদ রানা একটি পোশাক কারখানার শ্রমিক। মাসুদ টঙ্গীর মরকুন এলাকায় দুটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। এর একটি ঘরে থাকত শাহিনূর ও তার মা।

দুলাভাই মাসুদের সহযোগিতায় পড়াশোনা করতে পারে শাহিনূর। কিন্তু নবম শ্রেণীতে ওঠার পর মাসুদের সামান্য আয়ে সংসার আর চলছিল না। বন্ধ হতে বসেছিল পড়ালেখা। তখন দুই শিশুকে পড়ানো শুরু করে শাহিনূর। মাসে পেত ৬০০ টাকা। তা দিয়েই চলত নিজের পড়া।

শাহিনূরের মা রিনা বেগম বলেন, ছেলেটার লেখাপড়ায় খুব আগ্রহ। আর্থিক সমস্যার কারণে আত্মীয়স্বজন অনেকেই পড়ালেখা বন্ধ করে কারখানায় কাজ করতে বলেছে। কিন্তু ছেলেটা শিক্ষকদের সহযোগিতা ও নিজের চেষ্টায় এ পর্যন্ত এসেছে।

শাহিনূর জানাল, এখন থেকে আরও বেশি টিউশনি করবে। যত কষ্টই হোক, লেখাপড়া করে যাবে।

শাহজালাল ও শাহিনূরকে নিয়ে গর্বিত টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষক মো. মজিবর রহমান। নিজেদের চেষ্টায় পড়ালেখা চালিয়ে ভালো ফলাফল করা দুই ছাত্রের ভবিষ্যৎ নিয়ে তিনিও চিন্তিত।